
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে স্বাধীন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
তবে কোম্পানিটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গোপনীয়তা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে এনভিডিয়া। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নিজের ভুল স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন জেনসেন হুয়াং।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনের সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেন। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রে কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে বা বেইজিংকে তথ্য সরবরাহ করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ের সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার শিকার হয়েছেন। এসব খবরের পরিপ্রেক্ষিতে স্বাধীন তদন্ত শুরু করেছে পরিচালনা পর্ষদ।
পর্ষদ বলেছে, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার বাণিজ্যিক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার কারণ তাদের কাছে নেই। তবে সব ধরনের তথ্য ও প্রমাণ পর্যালোচনা করা হবে।
জেনসেন হুয়াংও তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানেরা কষ্ট পেয়েছেন। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’
জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রসঙ্গে জেনসেন হুয়াং বলেন, এনভিডিয়া, কোম্পানির কর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারধারীদের প্রতি তাঁর দায়িত্ব পালনে ঘাটতি হয়েছে। তিনি এর পুরো দায় নিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রীয় আনুগত্য প্রসঙ্গে জেনসেন হুয়াং বলেন, ‘আমি এই দেশ ও কোম্পানিকে ভালোবাসি। এনভিডিয়ার সুরক্ষা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন নাগরিক হিসেবে আমি গর্বিত ও কৃতজ্ঞ।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্প্রতি তাঁর কথা হয়নি। তবে ট্রাম্পের মন্তব্য, তিনি সম্মানিত ব্যক্তি। যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কিছু কাজ করেছেন।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি রিপাবলিকান কমিটির প্রধান জেনসেন হুয়াংকে কংগ্রেসে হাজির হয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের উদ্বেগ, চীনের মতো প্রতিপক্ষ রাষ্ট্র কীভাবে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রযুক্তি ও তথ্যের নাগাল পেতে পারে।
এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো তৈরিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ওপেনএআই ও মেটার মতো প্রতিষ্ঠানকে এআই চিপ সরবরাহ করে তারা। তিন দশকের বেশি সময় ধরে প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজারমূল্যের কোম্পানিটির নেতৃত্বে আছেন জেনসেন হুয়াং।
এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন জল্পনা বলে প্রত্যাখ্যান করেছে চীন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র প্রতিষ্ঠান মেগাস্পিডও অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের জন্য বাইরের আইনজীবী নিয়োগের কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতায় এনভিডিয়ার চিপ গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে উন্নত এআই চিপ চীনের কাছে বিক্রির ওপর ওয়াশিংটনের বিভিন্ন বিধিনিষেধ আছে। এ অবস্থায় জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোম্পানিটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।