
জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল। যদিও এসব গ্রাহকের সঙ্গে লেনদেন, অর্থ পাচার, নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সুনামহানির ঝুঁকি সম্পর্কে কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন। এমনকি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুপারিশও করা হয়েছিল। কিন্তু এসব সতর্কতা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় ব্যাংকটি।
সম্প্রতি ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এ আজ মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ডয়েচে ব্যাংকের গোপন প্রতিবেদন, ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী ও ব্যবসায়িক পরিকল্পনা। দুই শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক জোট এসব নথি বিশ্লেষণ করেছে।
অনুসন্ধানে দেখা গেছে, ডয়চে ব্যাংকের গুরুত্বপূর্ণ রুশ গ্রাহকদের মধ্যে ওলেগ দেরিপাস্কা ও ভিক্টর ভেকসেলবার্গের মতো ধনকুবেররাও ছিলেন। রাশিয়ার রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষমতাকাঠামোর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
২০১৪ সালে ব্যাংকটির অভ্যন্তরীণ ঝুঁকি পর্যালোচনা কমিটি রুশ ধনকুবের গ্রাহকদের বিষয়ে একটি মূল্যায়ন করে। সেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রাহকদের একজন হিসেবে ওলেগ দেরিপাস্কার নাম উল্লেখ করা হয়। তাঁর বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পর্কের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল।
এসব অভিযোগের ভিত্তিতে ব্যাংকের আর্থিক অপরাধ প্রতিরোধ বিভাগ ওলেগ দেরিপাস্কার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুপারিশ করেছিল। তবে ব্যাংকের ব্যবসায়িক বিভাগ ভিন্ন অবস্থান নেয়। তাদের যুক্তি ছিল, দেরিপাস্কা দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। তাঁর সঙ্গে ভবিষ্যতেও উল্লেখযোগ্য ব্যবসার সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত ব্যবসায়িক স্বার্থকেই প্রাধান্য দেয় ডয়েচে ব্যাংক।
২০১৫ সালের একটি অভ্যন্তরীণ উপস্থাপনায় রুশ ধনকুবেরদের ব্যাংকটির সাফল্যের গুরুত্বপূর্ণ অবদানকারী হিসেবে উল্লেখ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা বিভাগের টেকসই প্রবৃদ্ধির ভিত্তি হিসেবেও তাঁদের বিবেচনা করা হয়েছিল।
আগেও অর্থ পাচারের অভিযোগে রাশিয়ায় ডয়চে ব্যাংকের কার্যক্রম তদন্তের মুখে পড়েছিল। ‘মিরর ট্রেডিং’ নামে পরিচিত একটি ঘটনায় মার্কিন ও ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাগুলো অভিযোগ করে, ব্যাংকটির মাধ্যমে রুশ বিনিয়োগকারীরা প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত সন্দেহজনক লেনদেন করেছিলেন। ২০১৭ সালে কয়েক শ মিলিয়ন ডলার পরিশোধ করে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছায় ব্যাংকটি।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সাত ধনী শিল্পপতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, তাঁদের মধ্যে পাঁচজন সরাসরি অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ডয়চে ব্যাংকের গ্রাহক ছিলেন।
২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিযুক্ত বহিরাগত আইনজীবীরা ডয়চে ব্যাংককে রাশিয়াসংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দেন। কিন্তু ব্যাংকটি সেই পরামর্শও গ্রহণ করেনি; বরং ২০২১ সালের এপ্রিলে ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ মস্কোয় সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।
অনুসন্ধানে আরও দেখা যায়, ডয়চে ব্যাংক রুশ ধনকুবেরদের অনেক হিসাব সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গে স্থানান্তর করেছিল। দেশ দুটির কঠোর ব্যাংকিং গোপনীয়তা আইনের কারণে বিদেশি কর্তৃপক্ষের কাছে গ্রাহকদের তথ্য প্রকাশে আইনি বাধা তৈরি হয়। তবে এ সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই হিসাবগুলো স্থানান্তর করা হয়েছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তখন মার্কিন বিচার বিভাগ ডয়চে ব্যাংকের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ গ্রাহকদের তথ্য চায়। কিন্তু সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গের ব্যাংকিং গোপনীয়তা আইন তথ্য সরবরাহে জটিলতা তৈরি করে।
ওই বছরের ১০ মার্চ ডয়চে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ান সিউইং জানান, ব্যাংকটি রাশিয়ায় কিছু ব্যবসা বন্ধ করবে, তবে পুরোপুরি সরে আসবে না। একই দিন মার্কিন ব্যাংক জেপিমরগান চেজ ও গোল্ডম্যান স্যাকস রাশিয়া ছাড়ার ঘোষণা দেয়। পরদিন ডয়চে ব্যাংকও অবস্থান পরিবর্তন করে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
এদিকে ডয়চে ব্যাংক দাবি করেছে, তারা আইন মেনেই কার্যক্রম পরিচালনা করেছে। কোনো গ্রাহককে আর্থিক নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেনি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর আরোপিত নিষেধাজ্ঞাগুলো দ্রুত বাস্তবায়নেও পদক্ষেপ নিয়েছে।