গায়ানা হতে পারে বড় তেল রপ্তানিকারক দেশ কিংবা অভিশাপের শিকার

জ্বালানি তেল
ফাইল ছবি: রয়টার্স

সম্পদ কখনো কখনো কোনো দেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়—এমন নজির দেখা গেছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে আমাজনের উত্তর-পূর্বাঞ্চলের ছোট দেশ গায়ানা সে ধরনের পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দ্য ইকোনমিস্টের সংবাদে বলা হয়েছে, ২০১৫ সালে গায়ানার উপকূলে ১১ বিলিয়ন (১ হাজার ১০০ কোটি) ব্যারেল তেলের মজুত পাওয়া গেছে, যার বর্তমান বাজারমূল্য ৫০ হাজার কোটি ডলারের বেশি। ফলে আট লাখ জনসংখ্যা–অধ্যুষিত দেশ গায়ানা বিশ্বের নতুন পেট্রোরাষ্ট্র হতে যাচ্ছে।

গায়ানায় তেলের উৎপাদন বাড়ছে, ২০২৮ সালের মধ্যে যা দৈনিক ১২ লাখ ব্যারেল উন্নীত হতে পারে। এই পরিমাণ হবে বৈশ্বিক সরবরাহের ১ দশমিক ১ শতাংশ। সেটা হলে মাথাপিছু তেল উৎপাদনের দিক থেকে গায়ানা বিশ্বের বাকি সবাইকে ছাড়িয়ে যাবে।

লাতিন আমেরিকার ব্রাজিল অঞ্চলে সাগরের মধ্যে তেল উৎপাদনে একধরনের পুনর্জাগরণ চলছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে লাতিন আমেরিকার নতুন ভূমিকা তৈরি হচ্ছে। তেল থেকে ২০৩৬ সাল নাগাদ গায়ানা সরকারের রাজস্ব আয় বার্ষিক ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত হতে পারে, যা প্রাক্‌-তেলযুগের জিডিপির দ্বিগুণ। আশা করা হচ্ছে, এতে গায়ানার মানুষের জীবন বদলে যাবে।

এ ধরনের পরিবর্তন নিঃসন্দেহে স্বাগত। দেশটি দরিদ্র, আঞ্চলিক মানদণ্ডেও দেশটির মানুষের আয়ু কম, সেই সঙ্গে দুর্নীতি বড় ধরনের সমস্যা। দেশ হিসেবে গণতান্ত্রিক হলেও দেশটি গভীরভাবে বিভাজিত। দুটি জাতিগোষ্ঠী প্রভাবিত রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত, যাদের বড় অংশ হচ্ছে ভারতীয়-গায়ানিজদের পিপলস প্রগ্রেসিভ পার্টি; আরেকটি হচ্ছে আফ্রিকান-গায়ানিজদের ন্যাশনাল কংগ্রেস রিফর্ম।

জ্বালানির এই ক্রান্তিকালে প্রথম পেট্রোরাষ্ট্র হলেও গায়ানা জলবায়ু পরিবর্তনের শিকার। দেশটির রাজধানী জর্জটাউন খুবই ছোট একটি শহর, যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তেমন একটা ওপরে নয়। এই শহরে মানুষের প্রাণও তেমন নেই।

তবে গায়ানা কিছু কাজ ঠিকঠাক করছে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট। লাতিন আমেরিকার দেশগুলো যেখানে বড় ধরনের জাতীয় তেল কোম্পানি তৈরি করেছে, সেখানে গায়ানা বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে। বিশ্বের বৃহত্তম বেসরকারি তেল কোম্পানি এক্সনমোবিলের নেতৃত্বে একটি জোট গায়ানার তেল অনুসন্ধান ও উত্তোলন করছে। ইকোনমিস্ট মনে করছে, পরিবেশবান্ধব উপায়ে ও সস্তায় তেল আহরণের এটাই সেরা উপায়।

গায়ানার আরেকটি বিজ্ঞজনোচিত কাজ হচ্ছে উন্নত দেশের অনুসরণে সার্বভৌম সম্পদ তহবিল গঠন। এর লক্ষ্য হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির খড়্গ থেকে অর্থনীতিকে রক্ষা করা, সেই সঙ্গে তেল উৎপাদন কমে গেলে যেন সমস্যা না হয়, সে জন্য অর্থ জমিয়ে রাখা।

তা সত্ত্বেও তেলের অর্থ গায়ানা কীভাবে ব্যবহার করবে বা করা উচিত, তা নিয়ে বড় প্রশ্ন আছে। চরম একটি পদ্ধতি হচ্ছে সব অর্থ সরকার ও সরকারি তহবিলের মাধ্যমে বিনিয়োগ করা; কিন্তু তাতে আবার দুর্নীতি ও সুশাসনের ব্যত্যয় হওয়ার আশঙ্কা থাকে।

এর কারণ হিসেবে দ্য ইকোনমিস্ট বলছে, তেলসমৃদ্ধ দেশগুলোয় করদাতা ও সরকারি সেবার মধ্যে সম্পর্ক থাকে না। সে কারণে তেলসমৃদ্ধ দেশগুলোর রাজনীতিকেরা ভোটারদের কাছে অতটা দায়বদ্ধ থাকেন না। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে ধনী হওয়ার সুযোগ আসে, তাহলে ক্ষমতার লড়াই সহিংস আকার ধারণ করতে পারে।

আরেকটি পদ্ধতি হচ্ছে তেলের রাজস্ব সরাসরি জনগণের মাঝে বিতরণ করা। এতে মানুষের হাতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে ঠিকই, কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা অনেক বেড়ে যেতে পারে, তখন আবার ভোগাকাঙ্ক্ষা বেড়ে গিয়ে আমদানি বাড়তে পারে।

ফলে গায়ানার মতো সীমিত অবকাঠামো ও ন্যূনতম উৎপাদন সক্ষমতাসম্পন্ন দেশের অর্থনীতি অস্থিতিশীল হতে পারে। বিভাজনমুখী রাজনীতির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

বিপর্যয় এড়াতে হলে গায়ানাকে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছে দ্য ইকোনমিস্ট। ভেনেজুয়েলা একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী ছিল, কিন্তু সেই দেশ এখন রীতমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে চলছে স্বৈরশাসন।