৯৬ কোটি ডলারের ভারতীয় পণ্য যুক্তরাজ্যে স্বল্প শুল্কের সুবিধা হারাচ্ছে

যুক্তরাজ্যে ৯৬ কোটি ডলারের সমপরিমাণ পণ্যের স্বল্প সুদে প্রবেশাধিকার হারাচ্ছে ভারত। যুক্তরাজ্যের নতুন নীতি ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় এই সুবিধা হারাবে ভারত। এসব পণ্যের মধ্যে আছে চামড়াজাত পণ্য, কার্পেট, টেক্সটাইল, লোহা, ইস্পাত ও রাসায়নিক।

ভারতের মতো ইন্দোনেশিয়াও যুক্তরাজ্যের বাজারে স্বল্প সুদে প্রবেশাধিকার হারাবে, কারণ, এই দেশ দুটি এখন থেকে যুক্তরাজ্যের ‘প্রমিত অগ্রাধিকারের’ তালিকায় থাকবে। ভারত-যুক্তরাজ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। সে কারণে এসব সুবিধা হারানোর বিষয়টি সাময়িক হতে পারে। ভারত সরকার ইতিমধ্যে এফটিএর আওতায় টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের স্বল্প সুদে প্রবেশাধিকার নিয়ে আলোচনা করছে। সংবাদ সংস্থা টিএনএনের সূত্রে এই খবর দিয়েছে ইকোনমিক টাইমস।

ভারতের শিল্প খাত সংশ্লিষ্ট এক সূত্র ইকোনমিক টাইমসকে বলেছে, বেশ কিছু শ্রমঘন শিল্প যুক্তরাজ্যের নতুন এই স্কিমের আওতাভুক্ত নয়, আবার অনেক খাত এফটিএর আওতায় চলে আসতে পারে।

ভারতের চামড়াজাত পণ্য যুক্তরাজ্যের গ্লোবাল ট্যারিফের অংশ হবে, কারণ, এই চামড়াজাত পণ্যের রপ্তানি বাজার ‘খুবই প্রতিযোগিতামূলক’। তবে ভারতের ধাতব পণ্য অতটা প্রতিযোগিতামূলক হিসেবে বিবেচিত হয় না, ফলে এসব পণ্য ডিসিটিএস প্রমিত অগ্রাধিকার হারের আওতায় চলে আসবে। এ ছাড়া ভারতের বাইসাইকেলও ডিসিটিএসের প্রমিত অগ্রাধিকারের তালিকায় চলে আসবে বলে ইকোনমিক টাইমসকে জানিয়েছে এক সূত্র।

সামগ্রিকভাবে এই শুল্ক তফসিলে ১৯টি অধ্যায় আছে, যেগুলোর ধারাবাহিকভাবে স্বল্প সুদের তালিকা থেকে উত্তরণ ঘটবে। তবে ঠিক কত পণ্য এই তালিকা থেকে বেরিয়ে আসবে, তার সংখ্যা জানা যায়নি।

এদিকে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যেসব পণ্য কাস্টমসের গুদামে আছে বা ট্রানজিটে আছে, সেগুলো জিএসপি সুবিধা পাবে। তবে এসব পণ্যের উৎসবিষয়ক প্রত্যয়নপত্র ১৯ জুনের আগে অনুমোদিত হতে হবে। এখন জিএসপির বদলে আসবে ডিসিটিএস, যেখানে নিম্ন ও অরক্ষিত দেশগুলোর সুবিধা বা স্বার্থ সংরক্ষণ করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার আরও বলেছে, অগ্রাধিকারের বিষয়গুলো নতুন করে এমনভাবে সাজানো হয়েছে যে দরিদ্র দেশগুলো সুবিধা পায়। আরও সুনির্দিষ্টভাবে তারা বলেছে, এসব দেশ থেকে আসা অন্তত ৮৫ শতাংশ পণ্য যেন যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পায়, বর্তমানে জিএসপির আওতায় যেখানে ৮০ শতাংশ পণ্য এসব সুবিধা পাচ্ছে।