
ঈদ বা যেকোনো ছুটির সময় বিশ্বজুড়ে মানুষের চলাচল বেড়ে যায়। বিমানবন্দরসহ সব ধরনের বন্দরে মানুষের চাপ। জানা গেছে, এবারের ঈদে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দর দিয়ে পাঁচ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন স্থানে যাবেন।
আবুধাবি বিমানবন্দরের সূত্রে গালফ নিউজ জানিয়েছে, ১৫ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ আবুধাবি বিমানবন্দর দিয়ে বিশ্বের ৫৭টি দেশের অন্তত ১০৫টি গন্তব্যে যাবেন।
এক বিবৃতিতে দুবাইভিত্তিক আমিরাত এয়ারলাইনস জানিয়েছে, ১৯ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যে উড়ানসংখ্যা অনেকটাই বৃদ্ধি করবে। মধ্যপ্রাচ্য ও গালফ কো–অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোয় তারা অতিরিক্ত ৩৮টি উড়ান যোগ করবে। ধারণা করা হচ্ছে, এবারের ঈদের ছুটিতে আমিরাত এয়ারলাইনসে ১ লাখ ১০ হাজার অতিরিক্ত মানুষ ভ্রমণ করবেন। রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মদিনা, কুয়েত ও বৈরুত থেকে এসব অতিরিক্ত উড়ান চলবে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে বাজেট ক্যারিয়ার থেকে পরিচিত ফ্লাই দুবাই এ অঞ্চলের বেশ কয়টি দেশে উড়ান পরিচালনা করবে। ২০টির বেশি জনপ্রিয় গন্তব্যে উড়ান পরিচালনা করবে ফ্লাই দুবাই, যেমন ইস্তাম্বুল, ক্রাবি, মিলান-বের্গামো, পাতায়া, পিসা, সালালাহ, সালজবুর্গ ও তিবলিস।
ন্যাশনাল নিউজ ডটকমের সূত্রানুসারে, ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ এবং ২০২৩ সালে তা দাঁড়াতে পারে ৭ শতাংশ। গত দুই বছরে আরব আমিরাতে বেশ কিছু অর্থনৈতিক সংস্কার হয়েছে, যেমন ভিসা সংস্কার ও শতভাগ বিদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ার সুযোগ। এসবের বদৌলতে গত দুই বছরে আরব আমিরাত অর্থনৈতিকভাবে ভালো করেছে। আরব আমিরাতের পর্যটন খাত বিশ্বের ধনীদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে।
এ ছাড়া সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে নানা ধরনের সংস্কার হচ্ছে। কাতারে গত বছর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে। তখন সেখানে এমন অনেক কিছুই ঘটেছে, যা সাধারণত সেখানে ঘটে না। সেই সঙ্গে সৌদি আরবেও নানা সংস্কার হচ্ছে। অর্থাৎ বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য।
অর্থাৎ মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যেও পরিবর্তন আসছে। তার প্রতিফলন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মানুষের অন্যান্য দেশে ভ্রমণে যাওয়া।