মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ

বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিভিন্ন দেশ।

ব্রাজিল বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। প্রয়োজনে পাল্টা ব্যবস্থাও নেওয়া হতে পারে। অন্যদিকে চীন অভিযোগ করেছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অজুহাতে বাণিজ্যনীতির রাজনৈতিক ব্যবহার করছে ওয়াশিংটন। খবর আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ভিত্তি প্রত্যাখ্যান করেছে। ভারত বলেছে, তাদের কোনো খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। একই সঙ্গে জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও তাইওয়ান নতুন শুল্কের প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

গত বুধবার চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। এসব দেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বিশ্ববাজারে তাদের অন্যায্য বাণিজ্যিক সুবিধা দিচ্ছে—এমন অভিযোগে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শুল্কের আওতায় আছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের শুল্কের প্রস্তাবে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিল। দেশটির সরকার বুধবার বিবৃতিতে বলেছে, ‘ব্রাজিল এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।’ চলমান দ্বিপক্ষীয় আলোচনা প্রক্রিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছে দেশটি।

ব্রাজিলের অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব এবং উড়োজাহাজের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগে ক্ষোভ জানিয়েছে দেশটি। এতে ব্রাজিলের বৃহত্তম উড়োজাহাজ কোম্পানি এমব্রায়ের ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে শুল্ক আরোপ

নতুন শুল্কের কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে চীন। দেশটির পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কিছু ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হয়ে মোট শুল্কের হার ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কথিত সমস্যা বাস্তবে নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এটা অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষের স্বার্থ রক্ষা করে না। সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এ সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি।

ইইউর আপত্তি, ভারতের অভিযোগ প্রত্যাখ্যান

নতুন শুল্কের ভিত্তি নিয়েই আপত্তি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন( ইইউ)। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে বাণিজ্যচুক্তি হয়েছে, তারা সেটা মেনে চলবে, এমন প্রত্যাশা করছে ইইউ।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল বলেন, বিশ্বজুড়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ অভিন্ন। এর বড় অংশই রাষ্ট্রীয় সহায়তানির্ভর। কয়েকটি দেশে এই সমস্যা আছে। এ সমস্যা মোকাবিলায় যৌথ উদ্যোগের ঘোষণা না আসায় ইইউ কিছুটা হতাশ। তবে ইউরোপেরও অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইইউ।

কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকার অভিযোগ ভারতও প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্যচুক্তি করার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ, এমন কথাও জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হলে দেশটির পণ্যে শুল্কের সর্বোচ্চ হার হবে ১৭ শতাংশ।

অন্যদিকে ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্যচুক্তি করতে কাজ করছে তারা। তদন্তের প্রাথমিক ফলাফল এবং বিভিন্ন পক্ষের দেওয়া ভুল তথ্য ও অভিযোগের জবাবে নিজেদের বক্তব্যও জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি।

জাপানের সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, জাপানের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করা দুঃখজনক। অন্যদিকে সিঙ্গাপুর সরকার এ প্রস্তাবে গভীর হতাশা প্রকাশ করেছে। দেশটি তাদের অভ্যন্তরীণ বাজার সুরক্ষা বা উৎপাদন খাতে ভর্তুকি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সুইজারল্যান্ডও যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।