
বিশ্বের আবাসন খাতের এখন সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ২০২৩ সালের মধ্যে দেশটির আবাসন খাতের আকার ৮১ দশমিক ৬৮ বিলিয়ন বা ৮ হাজার ১৬৮ কোটি ডলারে উঠবে। এ কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দুই শতাধিক প্রপটেক স্টার্টআপের মধ্যে ৫৫ শতাংশ দুবাইয়ে কাজ করছে।
তবে প্রপটেক খাত মনে করছে, দুবাইয়ের বাজারের যে আকার, তাতে আরও অনেক কোম্পানি সেখানে কাজ করতে পারে। খবর মিডিয়াওয়্যারের।
আবাসন খাতের বিনিয়োগকারী স্টেকের সহপ্রতিষ্ঠাতা রামি তাবারা মনে করেন, ২০৪০ সালের মধ্যে দুবাই শহরের জনসংখ্যা দ্বিগুণ করে ৫৮ লাখ করার লক্ষ্যমাত্রা আছে নগর কর্তৃপক্ষের। এ কারণে এ শহরে আরও অনেক আবাসন প্রয়োজন হবে।
দুবাইয়ের আবাসন বাজার এমনিতে বর্ধিঞ্চু, সেই সঙ্গে আছে শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম ও নিম্ন করসুবিধা ও সহজে ব্যবসার সুবিধা—এসব কারণে দুবাই শহরে প্রপটেক খাতের আরও বিকশিত হওয়ার সম্ভাবনা আছে।
প্রপটেক হলো প্রপার্টি টেকনোলজি বা সম্পদবিষয়ক প্রযুক্তি। এটি হলো আবাসন খাতে উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ, যার মাধ্যমে সম্পদ উন্নয়নকারী, ব্যবস্থাপক, ভূমির মালিক ও মধ্যস্থতাকারীদের কাজের ধারা বদলে যাবে।
বৈশ্বিক পরিসরেও প্রপটেকের বড় বিকাশ হবে বলে ফিউচার মার্কেটস ইনসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০৩২ সালের মধ্যে প্রপটেক বাজারের বৈশ্বিক আকার দাঁড়াবে ৮৬ দশমিক ৫ বিলিয়ন বা ৮ হাজার ৬৫০ কোটি ডলার।
তাবারা বলেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব প্রপটেকের বাজারে শীর্ষ স্থানে যেতে স্টেক তহবিল সংগ্রহের উৎস ১০ গুণ বৃদ্ধি করতে চায়। ২০২০ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত স্টেকে বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়ায় দুই লাখের ওপরে। শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যে ভারতীয়রা তিনের মধ্যে আছেন।
সংবাদে বলা হয়েছে, দুবাইয়ে সম্পদের মূল্য ২০২৩ সালে সবচেয়ে বেশি হারে বাড়বে। ফলে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহরগুলোর মধ্যে মায়ামি ও প্যারিসকে ছাড়িয়ে যাবে দুবাই। জাজেন প্রপার্টিসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
এ ছাড়া ২০২১ সালের পর এ বছর দুবাইয়ের সবচেয়ে অভিজাত এলাকার সম্পদের দাম ৫০ শতাংশ বাড়তে পারে।
প্রপটেকের রেন্টাল কোম্পানির প্রতিষ্ঠাতা বিনায়ক মাহতানি মিডিয়াওয়্যারকে বলেন, এ বাস্তবতায় দুবাইয়ের মতো বাজারে প্রপটেকের অনেক কিছু করার আছে। সম্পদ কেনাবেচা, মধ্যস্থতা, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ—এসব ক্ষেত্রে অনেক কিছু করার সুযোগ আছে। যেমন উত্তর আমেরিকায় একধরনের অ্যাপ আছে, রাস্তায় গাড়ি চালানোর সময় সেই অ্যাপে ভেসে ওঠে সেখানে কোন কোন বাড়ি বা সম্পদ বিক্রি হবে এবং তার দামই-বা কত। কিন্তু দুবাইয়ে সে রকম কিছু নেই।
তবে প্রপটেকের যে স্টার্টআপগুলো বাজারে আসবে, তাদের হাতে যথেষ্ট পুঁজি থাকতে হবে বলে মনে করেন মাহতানি।