ভারত–রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে

ভারত ও রাশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দেনিস মানতুরভ। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ দিয়েছে।

মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এই দুই দেশের সম্পর্কের আরও উন্নতি হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো বরাবরই ভারতকে রাশিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে। কিন্তু ভারত তাতে কর্ণপাত না করে বরং রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করছে।

ইউক্রেনে হামলা চালানোর পর ভারত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি; বরং তারা আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছে।

যুদ্ধের আগে ভারত রাশিয়ার কাছ থেকে মূলত প্রতিরক্ষা উপকরণ কিনত। যুদ্ধ শুরু হওয়ার পর সেই সম্পর্ক অন্য দিকেও মোড় নেয়। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানিতে নানা রকম নিষেধাজ্ঞা দেয়। ফলে রাশিয়া ইউরোপ-আমেরিকার কাছে জ্বালানি বিক্রি করতে না পেরে চীন ও ভারতের দিকে ঝোঁকে। ভারতও পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কেনা শুরু করে।

এই প্রক্রিয়ায় গত এক বছরে রাশিয়া ভারতের জ্বালানি তেলের সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে। ভারত এত দিন সবচেয়ে বেশি তেল কিনত ইরাকের কাছ থেকে। গত মাসে তাদের হটিয়ে ভারতের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী হয়ে ওঠে রাশিয়া। ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ভারত রাশিয়ার কাছ থেকে ৪৬ দশমিক ৩৩ বিলিয়ন বা ৪ হাজার ৬৩৩ কোটি ডলারের তেল কিনেছে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এর বিপরীতে মস্কো ভারতের কাছ থেকে যন্ত্রপাতি আমদানি করে বাণিজ্যে ভারসাম্য আনতে চেয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মানতুরভ। যিনি একই সঙ্গে শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

মানতুরভ বলেছেন, এই প্রক্রিয়ায় ইউরেশিয়ান ইকোনমিক কমিশনও যুক্ত আছে।

নয়াদিল্লির সেই অনুষ্ঠানের ফাঁকে মানতুরভ সাংবাদিকদের বলেন, রাশিয়ায় নির্মাণ উপকরণ, রাসায়নিক ও ওষুধের চাহিদা আছে। তাঁর বিশ্বাস, ভারতীয় কোম্পানিগুলো এই সুযোগ নিতে পারবে।

এর আগে গত নভেম্বরে রয়টার্সের আরেক সংবাদে বলা হয়েছিল, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার মৌলিক শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জন্য তারা গাড়ি, বিমান, ট্রেন—এসব খাতের জন্য ভারতের কাছ থেকে পাঁচ শতাধিক পণ্য আমদানি করতে চায়।

ভারতও রাশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। মুক্ত বাণিজ্য চুক্তি তাকে সেই সুযোগ দেবে।
নয়াদিল্লির সেই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেছেন, ভারতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাশিয়ার প্রযুক্তি থেকে লাভবান হতে পারে। এ লক্ষ্যে নয়াদিল্লি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অর্থ পরিশোধ, পণ্য প্রত্যয়ন ও উপকরণসংক্রান্ত নানা সমস্যা সমাধানের চেষ্টা করছে।

বিশ্লেষকেরা বলেন, করোনাভাইরাসের প্রকোপ, মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বের সরবরাহ ব্যবস্থায় যে পরিবর্তন আসছে, ভারত যেমন তার সুবিধা পাচ্ছে; তেমনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে পরিবর্তন আসছে, তার সুবিধা নেওয়ার মতো সুযোগ ভারতের হাতে আছে। তবে বিষয়টি নির্ভর করছে ভারতের ওপর, অর্থাৎ তারা এই সুযোগ কতটা নিতে পারে, তার ওপর।

ভিন্ন মুদ্রায় বাণিজ্য

গত বছরের ডিসেম্বরে রাশিয়ার তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা বিশ্ব। এরপর ভারতের আমদানিকারকেরা রাশিয়া থেকে যত তেল কিনেছে, তার দাম পরিশোধ করেছে ডলারের বাইরে ভিন্ন কোনো মুদ্রায়। তেলের ব্যবসার সঙ্গে জড়িত ও ব্যাংকিং খাতের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যেসব মুদ্রা ব্যবহার করা হয়েছে, তার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ও রাশিয়ার রুবল।

বিভিন্ন সূত্রে আরও জানা গেছে, গত কয়েক মাসে যত লেনদেন হয়েছে, তার পরিমাণ হবে বেশ কয়েক শ কোটি ডলার। যদিও এমন এক পরিবর্তনের বিষয়ে খুব একটা জানাজানি হয়নি।

বিষয়টি হচ্ছে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ। শীর্ষ আমদানি দেশ হচ্ছে চীন। ফলে এই দুটি দেশ রাশিয়ার কাছ থেকে ডলারে তেল না কিনে অন্য মুদ্রায় তেল কিনলে ডলারের আধিপত্য স্বাভাবিকভাবেই খর্ব হবে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরের মাসে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ বলেছিলেন, রাশিয়ার ওপর পশ্চিমারা যে অবরোধ চাপিয়ে দিয়েছে, তাতে ডলারের প্রাধান্য ক্ষুণ্ন হতে পারে। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এই অবরোধের কারণে ছোট ছোট বাণিজ্য অঞ্চল ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করতে উৎসাহিত হতে পারে।

ফাইন্যান্সিয়াল টাইমকে এ বিষয়ে গীতা গোপীনাথ বলেন, ডলার প্রধান বৈশ্বিক মুদ্রা হিসেবে থাকবে; কিন্তু ক্ষুদ্র পরিসরে ডলার ব্যবহৃত হবে না, এমনটা হতে পারে। রয়টার্স আইএমএফের কাছে এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলেও তারা সাড়া দেয়নি।