
রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও তুরস্কের মসনদে বসতে যাচ্ছেন—বিনিয়োগকারীদের মধ্যে এই ধারণা তৈরি হওয়ায় দেশটির বাজার আরও টালমাটাল হয়ে উঠেছে। এরদোয়ান নির্বাচিত হওয়া মানে আবারও তাঁর সেই খাপছাড়া অর্থনৈতিক কৌশলের খপ্পরে পড়া।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এরদোয়ান আবারও নির্বাচিত হবেন এমন ধারণা থেকে দেশটির ব্যাংক খাতের শেয়ারের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে এবং সেই সঙ্গে তুরস্কের ঋণের বিপরীতে বিমার ব্যয়ও বেড়েছে।
গত রোববারের নির্বাচনে এরদোয়ান ৫০ শতাংশের সামান্য কম ভোট পেয়েছেন। ফলে তাঁর পক্ষে এখনই সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলুর চেয়ে ৫ শতাংশ ভোট বেশি পেয়েছেন এরদোয়ান। ফলে ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টি এস লমবার্ডের ব্যবস্থাপনা পরিচালক জন হ্যারিসন রয়টার্সকে বলেন, ‘পুরোনো প্রশাসনের প্রত্যাবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে আর তাতে বাজার নিজের মতো করে সাড়া দিচ্ছে। সেই প্রশাসনের নীতি পশ্চিমের তহবিল ব্যবস্থাপকদের মনপছন্দ ছিল না’।
এদিকে নির্বাচনের আগে মতামত জরিপে কেমাল কিলিচদারওলু এগিয়ে ছিলেন। ফলে বিনিয়োগকারীরা আশার আলো দেখছিলেন—তিনি ক্ষমতায় এলে এরদোয়ানের নীতি পরিবর্তন করবেন, বিশেষ করে মুদ্রা লিরাকে শক্তিশালী রাখতে এরদোয়ান যেসব নীতি গ্রহণ করেছিলেন, সেগুলোয় পরিবর্তন আসবে বলে বিনিয়োগকারীরা আশা করছিলেন।
বেশ কিছুদিন ধরেই মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার দর কমছে। ডলারের দর বাজারের ওপর ছেড়ে না দিয়ে সরকার নিজেই দর বেঁধে দিচ্ছিল, সেই ধারা ক্রমে শক্তিশালীও হচ্ছিল। ১ মার্কিন ডলারের বিপরীতে এখন ১৯ দশমিক ৭৬ লিরা পাওয়া যাচ্ছে। এর আগে গত মার্চে তা সর্বোচ্চ ১৯ দশমিক ৮০ লিরায় উঠেছিল।
অন্যদিকে বন্ডের বাজার পড়ে যাচ্ছে তুরস্কে। সবচেয়ে পড়েছে দীর্ঘমেয়াদি ও নির্ধারিত সুদের ডলার-ভিত্তিক বন্ডের সুদহার; সেই সঙ্গে করপোরেট ও ব্যাংকিং খাতের বন্ডের সুদহার কিঞ্চিৎ পড়েছে।
এদিকে নির্বাচনের আগে তুরস্কের ব্যাংকিং খাতের শেয়ারের দর ২৬ শতাংশ বাড়লেও গত মঙ্গলবার এসব শেয়ারের দামে ৮ শতাংশ পতন হয়েছে। ফলে দুই দিনে ব্যাংকিং খাতের শেয়ার দর কমেছে প্রায় ১৭ শতাংশ। ইয়াপি ক্রেদি, আইএস ব্যাংক ও একে ব্যাংকের শেয়ারের দর ৯ শতাংশের বেশি কমেছে।
অন্যদিকে দেশটির বিআইএসটি ১০০ সূচকে সবচেয়ে বেশি শেয়ারের দর বেড়েছে খনি কোম্পানি কোদা মাদেনসিলিক ও ইস্পাত কোম্পানি কার্দেমিরের। এই দুটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে প্রায় ১০ শতাংশ।
গত বছর তুরস্কের মূল্যস্ফীতির হার ৮০ শতাংশে উঠলেও এরদোয়ানের নির্দেশে নীতি সুদহার কমিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে মার্কিন ডলারের তুলনায় তুরস্কের লিরার দর কমেছে। গত প্রায় ছয় বছরের হিসাব ধরলে লিরার দর ডলারের তুলনায় ছয় গুণ কমেছে।
তবে তুরস্কের মানুষ অনেক বেশি চিন্তিত মূল্যস্ফীতি নিয়ে। গত বছরের অক্টোবরে তার হার ছিল ৮০ শতাংশ। গত এপ্রিলে তা অবশ্য ৪৩ শতাংশে নেমে এসেছে।
মূলত এরদোয়ানের নির্দেশে তুরস্কে নীতি সুদহার কমিয়ে রাখা হয়েছে। এরদোয়ান বিশ্বাস করেন, সুদের হার কমালে মুদ্রাস্ফীতি কমে। সেই ধারণার বশবর্তী হয়ে তিনি গত বছর কয়েকবার নীতি সুদহার কমিয়েছেন। কিন্তু সারা বিশ্বেই তার উল্টোটা দেখা যায়, মূল্যস্ফীতি বাড়লে নীতি সুদহার বাড়ানো হয়। ইউরোপ ও যুক্তরাষ্ট্র দেড় বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় নীতি সুদহার বাড়িয়েই যাচ্ছে। তাতে সেসব দেশে মন্দার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
এরদোয়ানের এ ধরনের নীতির কারণে বিনিয়োগকারীরা শঙ্কিত।