ভারতের বৈদেশিক মুদ্রা ও সোনার রিজার্ভ বা মজুত কমেছে। এক সপ্তাহে বৈদেশিক রিজার্ভ কমেছে ২১৬ কোটি মার্কিন ডলার। ২১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক রিজার্ভ কমে ৫৮ হাজার ৪২৫ কোটি ডলারে নেমে এসেছে, যা এর আগের সপ্তাহে ১৬৫ কোটি ডলার বেড়ে ৫৮ হাজর ৬৪১ কোটি ডলারে উঠেছিল। আর সেটি ছিল গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। খবর লাইভমিটন্টের
একই সপ্তাহে ভারতে সোনার মজুতও কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। আরবিআইর সাপ্তাহিক তথ্য অনুযায়ী, আগের দুই সপ্তাহে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৮০০ কোটি ডলার বেড়েছে। ভারতে বৈদেশিক রিজার্ভ ২০২১ সালের অক্টোবরে ৬৪৫ বিলিয়ন বা ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে উঠেছিল। এটিই ভারতের সর্বকালের সর্বোচ্চ পরিমাণ রিজার্ভের রেকর্ড।
সাধারণত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত রাখা হয় মার্কিন ডলারে। তবে ইউরোপের একক মুদ্রা ইউরো, ব্রিটিশ পাউন্ড ও জাপানি ইয়েনেও বৈদেশিক মুদ্রার মজুত হিসেবে রাখা হয়। এ ছাড়া সোনাও মজুত করা হয়। গচ্ছিত মুদ্রাগুলোর মূল্যমান বাড়লে বা অবমূল্যায়ন হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওঠানামা করে।
আরবিআইর তথ্য অনুযায়ী, ভারতে সোনার মজুতও কমেছে, তা ২ কোটি ৪০ লাখ ডলার কমে ৪ হাজার ৬১৫ কোটি ডলারে নেমে এসেছে।
এদিকে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ১ কোটি ৯০ লাখ ডলার বেড়ে ১ হাজার ৮৪৩ কোটি ডলারে উঠেছে বলে জানিয়েছে আরবিআই।