এমিরেটসের উড়োজাহাজ
এমিরেটসের উড়োজাহাজ

রেকর্ড পরিমাণ মুনাফা করল এমিরেটস

বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি বিমান সংস্থাটি ১০ দশমিক ৬ বিলিয়ন দিরহাম বা ২ দশমিক ৯ বিলিয়ন (২৯০ কোটি) মার্কিন ডলার মুনাফা করেছে। আগের বছর বিমান সংস্থাটি ৩ দশমিক ৯ বিলিয়ন দিরহাম লোকসান দিয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সীমান্ত খুলে দেওয়ার পাশাপাশি কোভিড– ১৯ মহামারি–সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ায় ভ্রমণ–পর্যটন চাহিদা যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক গন্তব্যগুলোতে আবার এমিরেটসের ফ্লাইট তথা উড্ডয়ন বৃদ্ধি পেয়েছে। এর ফলে এমিরেটসের মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে।

এমিরেটস এয়ারলাইন বৃহস্পতিবার জানিয়েছে, আলোচ্য সময়ে তাদের রাজস্ব আয় ৮১ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৪ মিলিয়ন দিরহাম হয়েছে এবং যাত্রীসংখ্যাও দ্বিগুণের বেশি বেড়েছে। কোভিড মহামারির কারণে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যাত্রীবাহী ফ্লাইট আবার চালু হয়েছে। এতে যাত্রীর সংখ্যা বেড়ে ৪ কোটি ৩৬ লাখে উন্নীত হয়েছে, যা গত বছরের তুলনায় ১২৩ শতাংশ বেশি।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ বলেন, ‘আমরা মানুষের ভ্রমণ আবার বাড়বে, এমন প্রত্যাশা করেছিলাম। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মানুষের ভ্রমণচাহিদা বেড়েছে। আমরা আমাদের গ্রাহকদের দ্রুত ও নিরাপদ পরিষেবা দিতে আমাদের কার্যক্রম বাড়াতে প্রস্তুত রয়েছি।’

শেখ আহমেদ বিন সাইদ আরও বলেন, ‘বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ২০২২–২৩ অর্থবছরে আমরা রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করতে পেরেছি। আমাদের ব্যবসায়িক ক্ষমতা, দৃঢ় পরিকল্পনা, কর্মীদের কঠোর পরিশ্রম ও বিমান চলাচল জোরদারকরণের ফলে এমনটি সম্ভব হয়েছে।’

দ্য ন্যাশনাল নিউজ ডটকম এক প্রতিবেদনে বলেছে, ২০২২-২৩ অর্থবছর হচ্ছে এমিরেটসের জন্য সবচেয়ে লাভজনক বছর। দ্রুত মহামারিজনিত লোকসান কাটিয়ে ওঠার ওপর এমিরেটস বেশি জোর দিয়েছে। যাত্রীদের চাহিদা মেটাতে তারা তাদের কার্যক্রম বাড়িয়েছে।

বর্তমানে বিমান সংস্থাটি তার ১১৬টি এয়ারবাস এ৩৮০ সুপারজাম্বো বিমানের সব কটি দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, ‘দুবাইয়ের উত্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমিরেটসের প্রবৃদ্ধি ও সাফল্য। বিমান সংস্থাটির বিশাল সফলতা বৈশ্বিক বাজার ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ তৈরি করে এবং আন্তর্জাতিক অঙ্গনে দুবাইয়ের ভূমিকা শক্তিশালী করতে সহায়তা করেছে।’