বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের জন্য এক কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এই ঘোষণা দিয়েছেন।
আজ রোববার বঙ্গবাজার পরিদর্শনে এসে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন অনুদানের ঘোষণা দেন। তিনি বলেন, ‘এত দিন দেশে না থাকায় আগে আসতে পারিনি। তবে এফবিসিসিআইয়ের অন্য নেতারা সব সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ছিলেন। আমরা আপনাদের প্রতি সহমর্মিতা জানাই। তবে আমার মনে হয়, এই সমস্যার স্থায়ী সমাধান হওয়া উচিত।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘দরকার হলে এফবিসিসিআই সবার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এখানকার ব্যবসায়ীদের বসার জায়গাজনিত সমস্যার স্থায়ী সমাধানের এটাই সবচেয়ে ভালো সময়। এখনই সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে আমরা সব সময় ব্যবসায়ীদের পাশে থাকব।’
ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জসিম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এক কোটি টাকার অনুদান দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে জসিম উদ্দিন বলেন, ‘আপনারা ভেঙে পড়বেন না। এখন অন্য কিছু না ভেবে ঘুরে দাঁড়াতে হবে। সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’ একই সঙ্গে সবাইকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া কুমিল্লা থেকে ২৬ লাখ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মীদের এক দিনের বেতন দুই লাখ টাকাসহ অর্ধ কোটি টাকার মতো অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ফলে সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখন পর্যন্ত দেড় কোটি টাকার সাহায্য দেওয়া হয়েছে।