রাজধানীর বঙ্গবাজারে অস্থায়ী আয়োজনের অনেক দোকানে বিক্রেতারা বসেনইনি। আবার যাঁরা বসেছেন, তাঁদেরও বেচাবিক্রি তেমন নেই
রাজধানীর বঙ্গবাজারে অস্থায়ী আয়োজনের অনেক দোকানে বিক্রেতারা বসেনইনি। আবার যাঁরা বসেছেন, তাঁদেরও বেচাবিক্রি তেমন নেই

শেষ মুহূর্তেও বঙ্গবাজারে বেচাকেনা জমেনি, এবার ব্যবসায়ীদের ঈদ আনন্দ নেই

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে ধ্বংসাবশেষ সরিয়ে ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে ব্যবসা শুরুর ব্যবস্থা করা হয়েছিল, যাতে তাঁরা ঈদের আগে বেচাকেনা করে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারেন। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে ওঠার আশা একেবারেই পূরণ হয়নি। কারণ, প্রচণ্ড গরমের কারণে ৫০ শতাংশের মতো চৌকিতে ব্যবসায়ীরা বসেননি। যাঁরা বসেছেন, তাঁদের বেচাকেনা একেবারেই কম। ঈদের খরচ তুলতে কেনা দামেই অনেকে পণ্য ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন।

আজ শুক্রবার সরেজমিনে বঙ্গবাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাথার ওপর ছাতা রাখা হলেও অতিরিক্ত গরমের কারণে দিনের বেলায় দোকানে বসা খুবই কষ্টকর। আবার ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও ক্রেতা তেমন পাওয়া যাচ্ছে না। তাই দিনের বেলা বিক্রি জমে না। সন্ধ্যার পর কিছু খুচরা ক্রেতা আসেন।

অগ্নিকাণ্ডের আগে বঙ্গবাজার ছিল পোশাকের একটি বড় পাইকারি ব্যবসা কেন্দ্র। কিন্তু অস্থায়ী বন্দোবস্তের পর এখন বঙ্গবাজারের ব্যবসায়ীদের খুচরা বেচাবিক্রিতেই ভরসা করতে হচ্ছে।

অনিক গার্মেন্টসের মালিক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ (শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দুটি টি–শার্ট বিক্রি করতে পেরেছি। তা–ও কেনা দামে (৫০০ টাকা) বিক্রি করতে হয়েছে। কারণ, বাড়ি ফেরার টাকা নেই। দোকানে একজন কর্মচারী আছে। তার বেতন কীভাবে দেব, সেই ভাবনায় আছি। ঈদের আগে ব্যবসা ফেরানোর যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে বসতে দেওয়া হয়েছিল, তা কাজে আসেনি। এর মধ্যে গরমের সমস্যাও রয়েছে। যে কারণে বেচাকেনা অনেক কম হয়েছে।’

বঙ্গ ইসলামিয়া মার্কেটের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান আজাদ গার্মেন্টসের বিক্রয়কর্মী ফয়সল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত এক টাকাও বিক্রি করতে পারিনি। গতকাল বৃহস্পতিবারও একই অবস্থা গেছে, মানে কোনো বেচাকেনা হয়নি। সারা দিন দোকান খুলে বসে ছিলাম। বাকির টাকার তাগাদা দিয়েছি। অথচ যে সময় বঙ্গবাজার পুড়ে গেল, ওই সময়ে প্রতিদিন দুই লাখ টাকার ওপর বিক্রি ছিল আমাদের। আর মার্কেট পোড়ার পর দোকান খুলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ লাখ টাকা বেচাকেনা করতে পেরেছি।’

ফয়সল আহমেদ জানান, এবার ঈদে বেতন–বোনাস পাবেন কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি দোকানের মালিক।

জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ খান প্রথম আলোকে বলেন, ঈদের আগে ঘুরে দাঁড়ানোর যে আশা নিয়ে ব্যবসায়ীরা পোড়া মার্কেটের জায়গায় বসেছিলেন, তা একেবারে পূরণ হয়নি। এমনও হয়েছে, একজন ব্যবসায়ী দিনে শ পাঁচেক টাকা বিক্রি করতে পেরেছেন। সেটা দিয়ে কোনোমতে তাঁর হয়তো বাসার বাজার খরচ উঠেছে। এ রকম পরিবারগুলোতে এবার ঈদের কোনো আমেজ নেই।

বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা চৌকিতে বসে পড়েছেন, তাঁদের অনেকেই বিক্রি ভালো না হওয়ায় ঈদের আগে বেশি মালামাল তোলেননি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চৌকি পেতে দিলেও রোদের তাপ থেকে রক্ষা পেতে ব্যবসায়ীরা নিজেরাই ছাতা কিনেছেন। আবার কেউ কেউ ত্রিপল টাঙিয়েছেন। বিক্রি কম হওয়ায় বিনিয়োগ উঠে আসবে কি না এবং কর্মচারীদের বেতন দেওয়া যাবে কি না, সেই সংশয় থাকায় অনেকে চৌকিতে দোকান নিয়ে বসছেন না।

এদিকে বঙ্গবাজারের ব্যবসায়ীদের চৌকিতে বসানোর সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানানো হয়েছিল, অস্থায়ী এসব দোকানে শামিয়ানা টাঙানো হবে। একই সঙ্গে বিদ্যুতের ব্যবস্থাও করা হবে। সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, শামিয়ানা তাঁরা নিজেরাই টাঙিয়েছেন। বিদ্যুৎ এলেও তাতে শুধু রাতে আলো জ্বালানোর ব্যবস্থা হয়েছে। প্রচণ্ড রোদের তাপের মধ্যেও সেখানে ফ্যান ব্যবহারের অনুমতি নেই।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডে ভস্মীভূত বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিটে (বঙ্গবাজার, গুলিস্তান, মহানগরী ও আদর্শ) মোট দোকান ছিল ২ হাজার ৯৬১টি। এখন এই দোকানগুলোর চিহ্ন নেই। এ ছাড়া মহানগর শপিং কমপ্লেক্সে ৭৯১টি, বঙ্গ ইসলামিয়া মার্কেটে ৫৯টি ও বঙ্গ হোমিও কমপ্লেক্সে ৩৪টি দোকান আগুনে পুড়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বঙ্গবাজারে সব মিলিয়ে ৩০৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মালপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮৮ কোটি টাকার বেশি। আর মার্কেটগুলোর কাঠামোগত ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া দোকানের মালিক-কর্মচারীদের মানবিক, মানসিক বিপর্যয়সহ ক্ষতির পরিমাণ, চাকরিহীনতার আর্থিক মাপকাঠি নিরূপণ করা দুরূহ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।