রাশিয়া থেকে তেল কেনা আরও বাড়াবে ভারত

জ্বালানি তেল
ছবি: রয়টার্স

রাশিয়া থেকে আরও তেল কেনার উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রসনেফটের চুক্তি হয়েছে। খবর ইকোনমিক টাইমসের

এই চুক্তির বদৌলতে ভারত শুধু রাশিয়া থেকে তেল কেনা বাড়াবে তা-ই নয়; বরং সেই সঙ্গে দেশটি থেকে তারা বিভিন্ন মানের তেল কিনবে।

সম্প্রতি রনসেফটের প্রধান নির্বাহী আইগর সেচিনের ভারত সফরের সময় এ চুক্তি সই হয়। তবে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।

রেনসেফট এক বিবৃতিতে বলেছে, ‘জ্বালানির খাতের সামগ্রিক সরবরাহব্যবস্থায় রনসেফটের সঙ্গে ভারতীয় কোম্পানিগুলোর কাজের পরিসর কতটা বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আছে ডলারের বিপরীতে নিজেদের মুদ্রায় ব্যবসার সম্ভাবনা অনুসন্ধান।’

গত বছর ইউক্রেনে হামলা শুরু করলে রাশিয়ার ওপর নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। তা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এখনো জ্বালানি কিনছে ইউরোপের দেশগুলো। তবে এর মধ্যে একটা বড় পরিবর্তন ঘটে গেছে। সেটা হলো, রাশিয়া থেকে বিপুল হারে তেল কেনা বাড়িয়েছে ভারত ও চীন।

বাস্তবতা হচ্ছে, প্রতি মাসেই ভারত রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে। প্রতি মাসেই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এই পরিস্থিতিতে ইকোনমিক টাইমস জানাচ্ছে, চলতি মার্চ মাসে রাশিয়া সমুদ্রপথে যত উরাল অপরিশোধিত তেল বিক্রি করেছে, তার অর্ধেকেরও বেশি কিনেছে ভারত। অর্থাৎ, তারাই সবচেয়ে বেশি উরাল অপরিশোধিত তেলে কিনেছে। দ্বিতীয় স্থানে আছে চীন।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক গত মঙ্গলবার বলেছেন, গত বছর রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা বেড়েছে ২২ গুণ। তবে ভারত ঠিক কী পরিমাণ তেল কিনেছে, তা খোলাসা করেননি তিনি।

এ বাস্তবতায় ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে। এই প্রথম রাশিয়া ভারতের পাঁচ বৃহত্তম বাণিজ্য অংশীদারের একটিতে পরিণত হয়েছে। মূলত তেলের হাত ধরে ২০২২ সালে দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্য ৩ হাজার ৮৪০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
যুদ্ধের আগে রাশিয়া থেকে বড়জোর শূন্য দশমিক ২ শতাংশ জ্বালানি আমদানি করত ভারতের তেল কোম্পানিগুলো। গত বছরের মার্চ পর্যন্ত তার পরিমাণ ছিল দৈনিক ৯ লাখ ৯ হাজার ৪০৩ ব্যারেল।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের মতো আমদানিকারীদের জন্য তেলের দাম কমিয়ে দেয় রাশিয়া। পশ্চিমাদের চোখ রাঙানি সত্ত্বেও সেই সুবিধা নিতে পিছপা হয়নি নয়াদিল্লি। ফলে রাশিয়া থেকে জ্বালানির আমদানি বাড়াতে থাকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। এখন ইরাক, সৌদি আরবের মতো দেশকে ছাপিয়ে ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, ভারতের আমদানি করা মোট তেলে রাশিয়ার অংশীদারি এক-পঞ্চমাংশের বেশি। ইউরো অঞ্চলের দেশগুলো অবশ্য আগের চেয়ে রাশিয়ার তেলের আমদানি কিছুটা কমিয়েছে।