
পোশাক দরদামকে কেন্দ্র করে ক্রেতাকে মারধরের ঘটনায় এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার স্থান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার।
সেই এলাকায় বৃদ্ধ এক ক্রেতাকে মারধরের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় মীনা বস্ত্রবিতান নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও ভুক্তভোগী ক্রেতা নজরুল ইসলাম ১৪ এপ্রিল শিশুদের পোশাক ক্রয়ের সময় দাম জিজ্ঞাসা করলে মীনা বস্ত্রবিতানের বিক্রেতা জানান, পোশাকটির মূল্য ৪০০ টাকা। দরদামের একপর্যায়ে নজরুল ইসলাম পণ্যটির দাম ২৫০ টাকা দেবেন বলে বিক্রেতাকে জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে বিক্রেতারা নজরুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বা চাউর হয়ে যায়।
ভোক্তা অধিদপ্তর বলছে, পোশাকের দরদাম কেন্দ্র করে একজন বৃদ্ধকে পেটানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান অধিকতর তদন্তের নির্দেশ দেন। সেই অনুযায়ী ১৬ এপ্রিল বেলা ১১টায় অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সেখানে যান। এরপর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তদন্তের জন্য ২৭ এপ্রিল পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। পরবর্তী আইন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানটি বন্ধ করার সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শিবু পদ বিশ্বাস প্রমুখ।