
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু। সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এ পর্বে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন গত বছর বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়া ব্যাসদেব দে।
ব্যাসদেব দে জানান, মৌখিক পরীক্ষার বোর্ডে পাঁচজন সদস্য ছিলেন। এর মধ্যে একজন ডেপুটি গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের দুজন নির্বাহী পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। তিনি বলেন, ‘মৌখিক পরীক্ষায় ১৫ থেকে ১৬টি প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে শুধু একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি। পুরো সময় ভাইভা বোর্ডকে ইতিবাচক মনে হয়েছিল। তাই একটি প্রশ্নের উত্তর না দিতে পারায় মন খারাপ হয়নি।’
ব্যাসদেব দে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। তিনি তাঁর মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা জানাচ্ছেন।
(দরজা খুলে কক্ষে প্রবেশের অনুমতি নিলাম)
বোর্ড চেয়ারম্যান: আসুন। (হাত দিয়ে আমার বসার স্থান দেখিয়ে দিলেন)
প্রার্থী: অনুমতি নিয়ে ভেতরে বসে ধন্যবাদ জানালাম।
সদস্য-১: (আমার ডকুমেন্ট ও সার্টিফিকেট দেখতে দেখতে আমার নাম বললেন) আপনি তো অনেক দিন আগে পাস করেছেন, রেজাল্টও বেশ ভালো। এখন কী করছেন?
প্রার্থী: বর্তমানে চাকরির জন্য পড়াশোনা করছি।
সদস্য-১: আপনার বিষয় তো কৃষি। কৃষিতে পড়ে কেন্দ্রীয় ব্যাংকে কীভাবে ভূমিকা রাখবেন?
প্রার্থী: স্যার, আমাদের জিডিপির কয়েকটি খাতের মধ্যে কৃষি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেন্ট্রাল ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি সেক্টরে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। যেমন বাংলাদেশ ব্যাংকের অ্যাগ্রি ক্রেডিট ডিপার্টমেন্ট। এটা বলতেই থামিয়ে দিলেন।
সদস্য-১: আচ্ছা কৃষির কয়েকটি উপখাতের নাম বলুন।
প্রার্থী: শস্য উৎপাদন, পশুসম্পদ ও মৎসসম্পদ।
সদস্য-১: আর কিছু নেই?
প্রার্থী: কিছুটা চিন্তিত হয়ে চুপ করে ছিলাম। হঠাৎ মনে পড়ল বনজসম্পদ। বনজ বলতেই স্যার বলেন ঠিক আছে।
সদস্য-১: আমাদের ফসলের নিবিড়তা কত?
প্রার্থী: ২১৪ শতাংশ
সদস্য-২: What is money laundering in simple terms?
প্রার্থী: Money laundering involves disguising financial assets so they can be use without detection of the illegal activity that produced them.
সদস্য-২: What are the stages of money laundering?
প্রার্থী: Placement, Layering and Integration.
বোর্ড চেয়ারম্যান: বলেন তো মানি লন্ডারিং আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক কী করবে?
প্রার্থী: স্যার, BFIU–তে রিপোর্ট করবে।
বোর্ড চেয়ারম্যান: BFIU কী?
প্রার্থী: Bangladesh Financial Intelligence Unit.
সদস্য-১: What is Basel Index rating?
প্রার্থী: Basel Index is a leading independent ranking of money laundering and terrorist financing risks around the world.
সদস্য-১: Basel-iii অনুসারে Risk weighted Asset–এর বিপরীতে কী পরিমাণ Capital–এর প্রয়োজন হবে।
প্রার্থী: এটার উত্তর দিতে পারিনি।
বোর্ড চেয়ারম্যান: আপনাকে কৃষি থেকে একটি প্রশ্ন করি। জিডিপিতে কৃষির অবদান কত?
প্রার্থী: স্যার, ১১ দশমিক ৫ (স্থির মূল্যে)
বোর্ড চেয়ারম্যান: জিডিপিতে শস্য খাতের অবদান কত?
প্রার্থী: ৫ দশমিক ৩৭ (স্থির মূল্যে)
বোর্ড চেয়ারম্যান: ৫ দশমিক ৩৭ এটা কোন অর্থ বছরেরটা বললেন?
প্রার্থী: ২০১৭-১৮
সদস্য-১: CAMELS rating system সম্পর্কে ধারণা আছে? এখানে কী কী বিষয় দেখা হয়?
প্রার্থী: স্যার আছে। এখানে Capital Adequacy, Asset Quality, Management Quality, Earning, Liquidity ইত্যাদি দেখা হয়।
বোর্ড চেয়ারম্যান: এবার আপনি আসতে পারেন।
প্রার্থী: সালাম দিয়ে বের হতেই আবার ডাকলেন।
বোর্ড চেয়ারম্যান: আপনার রোল নম্বরটা বলুন।
প্রার্থী: রোল বলে বের হয়ে আসলাম।