আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। ২৬ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের গত ১৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমে সর্বোচ্চ বয়সসীমার বিধান অনুসরণ করা হবে।