পেপসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইন্দ্রা নুই ক্যারিয়ারে সফলতার জন্য ছয়টি পরামর্শ দিয়েছেন। ১ জুলাই প্রকাশিত হুভার ইনস্টিটিউশনের একটি ডকুমেন্টারি সিরিজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন।
১. সুযোগ খুঁজুন
ইন্দ্রা নুই ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে যান ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টে পড়াশোনা করতে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও বসবাসের সুযোগই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। পরে তিনি বোস্টন কনসাল্টিং গ্রুপ, মট্রোলা এবং পেপসিকোতে কাজের সুযোগ পান।
২. পরামর্শদাতা (মেন্টর) প্রয়োজন
নুই বলেন, তাঁর ক্যারিয়ারের সাফল্যের পেছনে দক্ষ মেন্টরদের বড় ভূমিকা ছিল। তাঁরা তাঁকে দ্রুত শিখতে এবং সঠিক ক্যারিয়ার–পথ বেছে নিতে সাহায্য করেছেন।
তাঁর ভাষায়, ‘আমি অসাধারণ মেন্টরদের হাতে গড়ে ওঠা একজন মানুষ। তাঁদের সময়, শ্রম ও বিশ্বাসের জন্য আমি আজীবন কৃতজ্ঞ।’
৩. কঠোর পরিশ্রমের বিকল্প নেই
ইন্দ্রা নুই বলেন, জীবনের প্রতিটি ধাপে তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ছাত্রজীবন ছিল অত্যন্ত কঠিন। তিনি সকালে ক্লাস করতেন, রাতে কাজ করতেন এবং মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত ছাত্রাবাসে রিসিপশনিস্ট হিসেবেও দায়িত্ব পালন করতেন।
৪. হাতের কাজটি সবচেয়ে ভালোভাবে করুন
নুই বলেন, তিনি কখনোই পেপসিকোতে যোগ দিয়ে সিইও হওয়ার পরিকল্পনা করেননি। তাঁর লক্ষ্য ছিল শুধু নিজের বর্তমান দায়িত্বটি সর্বোচ্চ দক্ষতার সঙ্গে পালন করা। তিনি বলেন, ‘আমি ভাবতাম, এই কাজই আমি নিখুঁতভাবে করব।’ তাঁর মতে, শুরু থেকেই ‘১০ বছরের মধ্যে সিইও হব’—এমন লক্ষ্য স্থির করলে মানুষ অনেক সময় সেই লক্ষ্যেই অতিরিক্ত আচ্ছন্ন হয়ে পড়েন; বরং বর্তমান দায়িত্বটি ভালোভাবে পালন করলে পরবর্তী সুযোগগুলো নিজে থেকেই আসে।
৫. ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন
নুই বলেন, তিনি কর্মজীবনে হিসাব করে ঝুঁকি নিয়েছেন। যদিও জানতেন, এতে চাকরি হারানোর আশঙ্কাও থাকতে পারে। তিনি ও তাঁর স্বামী খুবই সাধারণ জীবন যাপন করতেন। ফলে চাকরি হারালেও একটি আয়ে তাঁদের সংসার চলত।
৬. বিনয়ী থাকতে হবে
নুই বলেন, তাঁকে বিনয়ী থাকতে সবচেয়ে বেশি সাহায্য করেছে তাঁর পরিবার। তিনি স্মরণ করেন, তাঁর মা প্রায়ই বলতেন, “তুমি যত বড় মানুষই হও না কেন, তোমার মুকুটটি গ্যারেজেই রেখে ঘরে ঢুকবে।” ঘরের সাধারণ কাজ করতে কখনো নিজেকে বড় মনে না করার শিক্ষা তাঁকে সব সময় বাস্তবতার সঙ্গে যুক্ত রেখেছে এবং বিনয়ী থাকতে সাহায্য করেছে, যোগ করেন নুই।