২০২৬ সালে ইউরোপের কোন দেশে ন্যূনতম বেতন কত

ইউরোপজুড়ে ন্যূনতম মজুরিতে রয়েছে বড় ধরনের বৈষম্য। ২০২৬ সালের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি বিশ্লেষণ করেছে ইউরোনিউজ বিজনেস। ইউরোনিউজের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২২টি দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ মানুষ ন্যূনতম মজুরি বা তার কম আয়ে কাজ করেন। ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ ন্যূনতম মজুরিভোগী কোনো বাড়তি সুবিধা পাননি। এমনকি চারটি দেশে পুরো এক বছরেও ন্যূনতম মজুরি বাড়েনি।

শীর্ষে যেসব দেশ—

২০২৬ সালের জানুয়ারিতে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে মাসিক মোট ন্যূনতম মজুরি সবচেয়ে কম বুলগেরিয়ায়—৬২০ ইউরো। অন্যদিকে সবচেয়ে বেশি লুক্সেমবার্গে, ২ হাজার ৭০৪ ইউরো।

ইইউ প্রার্থী দেশগুলো যুক্ত করলে চিত্র আরও বৈচিত্র্যময়। ইউক্রেনে ন্যূনতম মজুরি মাত্র ১৭৩ ইউরো, যা সবচেয়ে কম। এরপর মলদোভা (৩১৯ ইউরো)। মাসিক ২ হাজার ইউরোর বেশি ন্যূনতম মজুরি রয়েছে মাত্র পাঁচটি দেশে—লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড (২ হাজার ৩৯১ ইউরো), জার্মানি (২ হাজার ৩৪৩ ইউরো), নেদারল্যান্ডস (২ হাজার ২৯৫ ইউরো) এবং বেলজিয়াম (২ হাজার ১১২ ইউরো)। এই শীর্ষ গোষ্ঠীর নিচে রয়েছে ফ্রান্স (১ হাজার ৮২৩ ইউরো)। স্পেনে ন্যূনতম মজুরি ১ হাজার ৩৮১ ইউরো, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যেও বড় পার্থক্য তুলে ধরে। স্পেন, স্লোভেনিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, সাইপ্রাস, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও গ্রিস মাঝামাঝি স্তরে রয়েছে।

অর্ধেকের বেশি দেশে এক হাজার ইউরোর নিচে—

২২টি ইইউ দেশ ও ৭টি প্রার্থী দেশ মিলিয়ে মোট ২৯ দেশের মধ্যে ১৫টিতেই ন্যূনতম মজুরি ১ হাজার ইউরোর নিচে। সব ইইউ প্রার্থী দেশই এই নিম্নস্তরে রয়েছে। চেকিয়ায় ন্যূনতম মজুরি ৯২৪ ইউরো, হাঙ্গেরিতে ৮৩৮, রোমানিয়ায় ৭৯৫, তুরস্কে ৬৫৪ এবং আলবেনিয়ায় ৫১৭ ইউরো। মজার বিষয় হলো ইইউ প্রার্থী তিনটি দেশের ন্যূনতম মজুরি বুলগেরিয়ার চেয়ে বেশি।

ক্রয়ক্ষমতায় হিসাব বদলায়—

শুধু ইউরো হিসেবে তুলনা করলে প্রকৃত চিত্র ধরা পড়ে না। কারণ, দেশভেদে জীবনযাত্রার ব্যয় ভিন্ন। তাই PPS অনুযায়ী তুলনা করা হলে দেশগুলোর মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসে। PPS অনুযায়ী, ইইউভুক্ত ২২টি দেশে ন্যূনতম মজুরি সবচেয়ে কম এস্তোনিয়ায় (৮৮৬) এবং সবচেয়ে বেশি জার্মানিতে (২ হাজার ১৫৭)। ইউরো ও PPS—দুই ক্ষেত্রেই শীর্ষ ৯টি দেশের অবস্থান একই থাকলেও মধ্য ও নিম্নস্তরের দেশগুলোর র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন দেখা যায়। রোমানিয়া সবচেয়ে বেশি লাভবান হয়েছে—ইউরো হিসেবে ২০তম স্থান থেকে PPS হিসেবে ১২তম স্থানে উঠে এসেছে। নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া ও তুরস্কও কয়েক ধাপ এগিয়েছে। অন্যদিকে চেকিয়া ও এস্তোনিয়া সবচেয়ে বেশি পিছিয়েছে—দুটিই ৮ ধাপ করে নিচে নেমেছে।

যেসব দেশে মজুরি বাড়েনি—

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বেলজিয়াম, এস্তোনিয়া, গ্রিস, স্পেন, লুক্সেমবার্গ ও স্লোভেনিয়ায় ন্যূনতম মজুরি অপরিবর্তিত ছিল। অন্যদিকে বুলগেরিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়ায় এ সময়ের মধ্যে মজুরি ১১ শতাংশের বেশি বেড়েছে।