সরকারি চাপ, না ব্যক্তিগত কারণ: কেন পদত্যাগ করছেন মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম
ছবি: প্রথম আলো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছরের মাথায় তিনি পদে না থাকার পদক্ষেপ নিলেন। হঠাৎ তাঁর এ সিদ্ধান্তে পিএসসি ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।

প্রশ্ন উঠেছে, তাঁর পদত্যাগের পেছনে মূল কারণ কী—সরকারি চাপ, নাকি ব্যক্তিগত কারণ?

১২ আগস্ট এই প্রতিবেদকের সঙ্গে নিজ কার্যালয়ে কথা বলেছিলেন পিএসসি চেয়ারম্যান। সেদিন এক ভিডিও সাক্ষাৎকারে তিনি ৫০তম বিসিএসের সর্বশেষ অবস্থা, আগামী নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং কম্পিটেন্সি বেজড (দক্ষতাভিত্তিক) বিসিএসের ভাইভা চালুর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেদিনের দীর্ঘ আলাপে পদত্যাগের বিষয়ে বিন্দুমাত্র আভাসও দেননি তিনি। সেই সাক্ষাৎকারের মাত্র ছয় দিনের ব্যবধানে এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

পিএসসি চেয়ারম্যানের ব্যাখ্যা

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রথম আলোকে আজ মঙ্গলবার বলেন, ‘পিএসসির চেয়ারম্যান একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। এখানে কাজের প্রচণ্ড চাপ রয়েছে। আমি প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছি। এখন আমার বয়স বাড়ছে। একই সঙ্গে ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এত চাপ নিয়ে কাজ করতে শারীরিক অস্বস্তি হচ্ছে।’

নিজের মূল পেশায় ফেরার কথা জানিয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। মূলত শিক্ষকতা পেশাটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। তাই শিক্ষকতায় ফিরতে চাই।’

পদত্যাগের নেপথ্যে কী

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, মূলত সরকার না চাওয়ার কারণেই তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, মোবাশ্বের মোনেম দায়িত্ব নেওয়ার পর বিসিএসের প্রচলিত ধারায় বেশ কিছু পরিবর্তন আনেন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে ‘সার্কুলার ইভাল্যুশন সিস্টেম’ চালু করেন। মৌখিক পরীক্ষায় সনাতনী পদ্ধতির বদলে ‘কম্পিটেন্সি বেজড ভাইভা’ চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিসিএসের প্রস্তুতিতে কোচিং-নির্ভরতা কমাতে ৪৭তম বিসিএসের প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। সামনে সিলেবাস ও প্রশ্নবিন্যাসে আরও পরিবর্তন আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

তবে সরকারের চাপ বা অসন্তোষের বিষয়গুলো পুরোপুরি অস্বীকার করেছেন পিএসসি চেয়ারম্যান। তাঁর দাবি, কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ নয়; শারীরিক অসুস্থতা এবং শিক্ষকতায় ফেরার ইচ্ছা থেকেই তিনি পদ ছাড়ছেন।

অসমাপ্ত যাত্রা

মোবাশ্বের মোনেমের মেয়াদে পিএসসি ‘এক বছরে বিসিএস’ শেষ করার রোডম্যাপ করেছে। বর্তমানে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে ভাইভা কার্যক্রম সম্পন্ন হবে। ২০২৫ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৬ সালের নভেম্বরের মধ্যেই এর চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। এটি হলে পিএসসির ইতিহাসে এক বছরে বিসিএসের ফলাফল শেষ হওয়ার ঘটনা এটিই প্রথম হবে।

মোবাশ্বের মোনেম আশা প্রকাশ করে বলেন, ‘দুই বছরে আমি পিএসসিকে নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। ৫০তম বিসিএসের মাধ্যমে এক বছরের বিসিএস পরিক্রমা বাস্তবায়িত হচ্ছে। আমি চলে গেলেও পিএসসি যেন এই গতি ও মান ধরে রাখে।’

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

২০২৪ সালে গণ–অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।