
সারা দেশের সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণে বিজ্ঞাপিত ৮২৮টি পদের নিয়োগ পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত মার্চে পিএসসি জানিয়েছিল, মে মাসের মধ্যে এই পরীক্ষা হতে পারে।
সারা দেশে জনবলসংকট প্রকট
দেশের সরকারি স্বাস্থ্যসেবায় জ্যেষ্ঠ নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা ও হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সিনিয়র স্টাফ নার্সরাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তবে বর্তমানে সারা দেশে এই পদের জনবলসংকট বেশ প্রকট। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে সিনিয়র স্টাফ নার্সের প্রায় দুই হাজার পদ শূন্য রয়েছে। এই বিপুল শূন্য পদের কারণে বিদ্যমান নার্সদের ওপর কাজের চাপ বাড়ছে এবং ব্যাহত হচ্ছে রোগীদের নিয়মিত সেবা।
প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষা
এই সংকট কাটাতে ৮২৮টি স্থায়ী পদের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ২০ অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হয়। ১০ম গ্রেডের এই পদের জন্য কয়েক হাজার নার্সিং স্নাতক ও ডিপ্লোমাধারী আবেদন করেছেন। তবে আবেদনের পর প্রায় সাত মাস পার হয়ে গেলেও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় চাকরিপ্রার্থীরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
পরীক্ষার বর্তমান অগ্রগতি নিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে বিসিএস ও একাধিক নন-ক্যাডার পরীক্ষার কর্মযজ্ঞ চলছে। জুনের শেষ সপ্তাহে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে।
যোগ্যতা ও বেতন
১০ম গ্রেডের (১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল) এই স্থায়ী পদের জন্য নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ৮২৮ পদের নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকারি হাসপাতালগুলোর জনবলসংকট কিছুটা লাঘব হবে।