টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। রাতেও তাঁরা সেখানে অবস্থান করেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বৃষ্টির সময় পলিথিন ও ছাতা দিয়ে নিজেদের আড়াল করে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। নির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হুসাইন বলেন, ‘সারা রাত এখানে ছিলাম। কেউ আমাদের খোঁজ নেয়নি। বৃষ্টির সময় মাত্র দুটো পলিথিন দিয়ে আমরা মাথা ঢেকেছি, কিন্তু প্রায় সবাই ভিজে গিয়েছি। তবু আমরা দাবি আদায় না করে এখান থেকে যাব না।’
গতকাল সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নেন। এর আগে গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দীর্ঘদিন ধরে বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগের দাবিতে আন্দোলন করে আসছেন। ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে টানা ২৫ দিন অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচিও পালন করেছেন।