৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন দৈবচয়নে

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ মে শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে।

দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এই পরিপ্রেক্ষিতে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।