বাংলাদেশ চা বোর্ডে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানগুলোতে ৮ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১১তম গ্রেডে ফোরম্যান পদে নিয়োগ পাবেন একজন। আবেদনের জন্য প্রযুক্তি বিষয়ে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমাপ্রাপ্ত হতে হবে। ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমাসহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ পেলে কর্মস্থল হবে বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

১৪তম গ্রেডে সিনিয়র মেকানিকের শূন্য পদ একটি। এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে সনদধারী হলে আবেদন করা যাবে। ড্রাইভিং ও মেকানিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ পেলে কর্মস্থল হবে বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

১৬তম গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদ দুটি। আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ শব্দের গতি থাকতে হবে।

১৬তম গ্রেডে গাড়িচালক পদে নিয়োগ পাবেন একজন। আবেদনের জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী/মধ্যম/হালকা ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৬তম গ্রেডে কার্পেন্টারের শূন্য পদ একটি। আবেদনের জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ছুতার কাজের সনদ ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৯তম গ্রেডে কুক নেওয়া হবে একজন। আবেদনের জন্য কমপক্ষে এসএসসি পাস/সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণধারী হতে হবে। রান্না করা জানতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

২০তম গ্রেডে চেইনম্যান ও মালি পদে একজন করে নেওয়া হবে। এই দুই পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা
প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)। এর মধ্যে এক কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিখে ১০ টাকার ডাকটিকিটসংবলিত ১০ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে পাঠাতে হবে। খামের ওপর ডান পাশে পদের নাম ও জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে/সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম- ৪২১০।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৩।