প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছেন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছেন

সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’ স্লোগান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫–এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

আজ রোববার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রাস্তায় অবস্থান নেন আন্দোলনকারী ব্যক্তিরা।

পুলিশ তাঁদের রাস্তা থেকে তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের ব্যারিকেডের মধ্যে চাকরিপ্রার্থীরা সমাবেশের সিদ্ধান্ত নেন।

এ সময় ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’ ইত্যাদি স্লোগান দেন নিয়োগপ্রত্যাশী ব্যক্তিরা।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা

গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর। ফল প্রকাশে আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করা হয়নি প্রার্থীদের।

উত্তীর্ণ প্রার্থীরা বলছেন, দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় তাঁদের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে।