বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৫০তম বিসিএস ফল বিলম্বিত: পিএসসি কি রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ করতে পারবে

অন্য বিসিএসগুলোর তুলনায় ৫০তম বিসিএসের ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বের কারণ হিসেবে ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করার কারণ দেখিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। পিএসসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৫০তম বিসিএস প্রার্থীদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী জানিয়েছেন, রিপিট ক্যাডার সুপারিশের জন্য এর আগে কয়েকটি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আশানুরূপ পরীক্ষা দিয়েও কোনো ক্যাডার বা নন–ক্যাডারে সুপারিশ না পেয়ে খালি হাতে ফিরেছেন। গেজেটের ভিত্তিতে পিএসসির একই প্রার্থীকে বারবার সুপারিশ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। তার মতে, ফল প্রকাশে কিঞ্চিৎ বিলম্ব হলেও যদি অধিকসংখ্যক যোগ্য চাকরিপ্রত্যাশী প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন, সে ক্ষেত্রে গেজেটের জন্য অপেক্ষা করাই অধিক যুক্তিসংগত। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের ১০ মাস পরেও এখনো গেজেট না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অতি দ্রুত ৪৬তম বিসিএসের গেজেট সম্পন্নপূর্বক ৫০তম বিসিএসের ফলাফল প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর ৫০তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশেরও দাবি জানান তিনি।

সাম্প্রতিক বেশ কিছু বিসিএসে রিপিট ও লোয়ার ক্যাডার সুপারিশ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এর ফলে অনেক যোগ্য বেকার প্রার্থী তার কাঙ্ক্ষিত চাকরি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ৪৪তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী রিপিট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ফলে রিপিট ক্যাডার সুপারিশ বাদ দেওয়ার জন্য একটি বিধি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু তাতেও পুরোপুরিভাবে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব হয়নি, বরং পরবর্তী বিসিএস থেকে অর্থাৎ ৪৫তম থেকে ৪৭তম বিসিএসে নতুনভাবে ‘লোয়ার’ ক্যাডার সমস্যার উদ্ভব হয়েছে। একই প্রার্থীকে একই ক্যাডারে পুনরায় সুপারিশ না করার বিধি প্রণয়ন করার পর প্রার্থীরা পরবর্তী বিসিএসের মৌখিক পরীক্ষায় সরবরাহকৃত রিচয়েস ফর্মে তিনি যে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সেটি বাদ দিয়ে অন্য ক্যাডারগুলো চয়েস দিচ্ছেন। ফলে প্রার্থীরা পরবর্তী বিসিএসে নিচের ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হচ্ছেন। উদাহরণস্বরূপ, আগের বিসিএসে যিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন, তিনি পরবর্তী বিসিএসে কর ক্যাডার, পরিবার পরিকল্পনা ক্যাডার কিংবা অনেক সময় নন–ক্যাডারে সুপারিশ পাচ্ছেন। কোনো বিসিএসে লোয়ার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই যোগ দেন না। এভাবে বিপুলসংখ্যক পদ ফাঁকা থেকে যায়।

৪৫তম থেকে ৪৭তম বিসিএসে বিপুলসংখ্যক প্রার্থীর ‘লোয়ার’ ক্যাডারে সুপারিশ পাওয়া অত্যন্ত হতাশাজনক ব্যাপার।

যদি লোয়ার ক্যাডার সুপারিশ করা বন্ধ না হয়, সে ক্ষেত্রে ৫০তম বিসিএসের ফলাফল প্রকাশে কালক্ষেপণকে সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন মনে করছেন প্রার্থীরা। তাদের মতে, বর্তমানে রিপিট ক্যাডারের থেকেও বড় সমস্যা হচ্ছে লোয়ার ক্যাডার সুপারিশ। কেননা, এখন কোনো প্রার্থী আগের বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডার রিচয়েস ফর্মে রাখেন না। ফলে রিপিট ক্যাডার সমস্যার স্থলে লোয়ার ক্যাডার সমস্যাই প্রকট আকার ধারণ করেছে। তাই লোয়ার ক্যাডার সমস্যা সমাধান না করে কেবল রিপিট ক্যাডার সুপারিশ বন্ধের জন্য ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষা করা হলে সেটি অযৌক্তিক সিদ্ধান্ত হবে বলে মনে করছেন ৫০তম বিসিএস প্রার্থীরা। লোয়ার ক্যাডার সুপারিশ বন্ধে পিএসসির কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা।

পাশাপাশি, ৪৫তম ও ৪৬তম বিসিএসের শূন্যপদে ৫০তম বিসিএসে যুক্ত করার দাবিও জানিয়েছেন প্রার্থীরা। তাঁরা এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেহেতু পূর্ববর্তী বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করায় ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে এমনকি পিএসসি তার স্বঘোষিত ক্যালেন্ডার অনুসরণ করতে পারেনি, তাই ঐসব বিসিএসের শূন্যপদ ৫০তম বিসিএসে অন্তর্ভুক্ত করার বিষয়ে জনপ্রশাসন ও পিএসসির পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখতে চান প্রার্থীরা। ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হলেও ক্যাডার ও নন–ক্যাডার মিলে মাত্র ২ হাজার ১৫০টি পদ রয়েছে। এমতাবস্থায় পদ বৃদ্ধি করা না হলে দুই–তৃতীয়াংশ যোগ্য প্রার্থীই খালি হাতে ফিরবেন। তাই পূর্ববর্তী বিসিএসের শূন্যপদগুলো ৫০তম বিসিএসে যুক্ত করার জোর দাবি জানিয়েছেন প্রার্থীরা।

পিএসসি যেসব কারণ দেখিয়ে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব করেছে, তা যদি ফলাফলে প্রতিফলিত না হয়, তবে প্রার্থীরা হতাশ হবেন এবং ফল প্রকাশে বিলম্ব যেন না করা হয়।

*লেখক: ৫০তম বিসিএসের ফলপ্রত্যাশী, নামা প্রকাশে অনিচ্ছুক