চতুর্থ গণবিজ্ঞপ্তি

২৭ হাজার প্রার্থীর যোগদান ১৯ অক্টোবরের মধ্যে

ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ হাজার ৭৪ শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে নিয়োগের জন্য এসব প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। সুপারিশ পাওয়া ২৭ হাজার ৭৪ জনকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে যোগদান করতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ সুপারিশের বিষয়টি সংশ্লিষ্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসিএর ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি এই লিংকে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে লেখা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

১৯ অক্টোবরের মধ্যে যোগদানের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগপত্র ইস্যু করবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ বা অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে।

পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি দেবে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কেও জানানো হবে। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিলে, নিবন্ধন সনদ বা অন্য কোনো সনদ সঠিক না হলে বা জাল হলে তাঁর নিয়োগ সুপারিশ বাতিল করা হবে।

প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে যোগদান অপশনে ‘ইয়েস’ ক্লিক করবেন। 

প্রার্থী যোগদান না করলে ‘নো’ ক্লিক করে যোগদান না করার কারণ উল্লেখ করবেন। কোনো প্রতিষ্ঠানের প্রধান টেকনিক্যাল কারণে মুঠোফোনে খুদে বার্তা না পেলে এনটিআরসিএর ওয়েবসাইট থেকে তাঁর প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রভাষক পদে সুপারিশ পাওয়া মো. সান্ত আলী প্রথম আলোকে বলেন, প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের পর যোগদানের ক্ষেত্রে নানা রকম হয়রানি ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে যথাযথ কর্তৃপক্ষের কঠোর নজরদারি আশা করছি।