৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের ৪৯৫টি উপজেলার প্রতি উপজেলায় ১ জন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে এ সরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সরকারি চুক্তিতে স্বাধীন কাজ ও বাড়তি আয়ের সুযোগ

সরকারি প্রতিষ্ঠানের অধীনে এ কাজটি প্রচলিত সার্বক্ষণিক অফিশিয়াল চাকরির মতো নয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, নির্বাচিত টেকনিশিয়ানদের নিজ উপজেলায় প্রতি মাসে কমপক্ষে ৫০টি কৃত্রিম প্রজনন কাজ সম্পন্ন করার অঙ্গীকারনামা দিতে হবে। একটি পুরো উপজেলায় মাসে মাত্র ৫০টি প্রজনন কাজ সম্পন্ন করা বেশ সহজ ও সময়সাশ্রয়ী। ফলে সার্বক্ষণিক ব্যস্ত না থেকেও নির্বাচিত কর্মীরা নিজ এলাকায় অবস্থান করে তাঁদের নিয়মিত কৃষিকাজ, খামার পরিচালনা বা ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি এ সরকারি কাজটি অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এতে একদিকে যেমন নিজের মূল পেশা ঠিক রাখা সম্ভব হবে, অন্যদিকে সরকারি চুক্তির আওতায় সম্মানজনক বাড়তি আয়েরও সুযোগ তৈরি হবে।

এআই টেকনিশিয়ান কারা এবং তাঁরা কীভাবে ভূমিকা রাখেন?

এআই টেকনিশিয়ান বা কৃত্রিম প্রজনন কর্মীরা দেশের প্রাণিসম্পদ খাতের তৃণমূল পর্যায়ের মূল কারিগর। তাঁরা বৈজ্ঞানিক উপায়ে উন্নত জাতের ষাঁড়ের সিমেন সংগ্রহ ও সংরক্ষণ করে গাভির কৃত্রিম প্রজনন ঘটান। এর ফলে দেশি ও অনুন্নত জাতের গবাদিপশুর জাত উন্নয়ন ঘটে, দুধ ও মাংসের উৎপাদন বাড়ে এবং প্রান্তিক খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হন। নির্বাচিত কর্মীদের প্রতি মাসে কৃত্রিম প্রজননসংক্রান্ত যাবতীয় প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

প্রশিক্ষণ: প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র’ থেকে ৪ মাস মেয়াদি এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে ২ মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ সনদ বা প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

অভিজ্ঞতা: কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ানরা আবেদনের যোগ্য হবেন। সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞ প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে সর্বোচ্চ অভিজ্ঞ প্রার্থীকে বাছাই করা হবে।

বয়সসীমা ও চুক্তির মেয়াদ

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ (সংশোধিত) অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এ সেবাক্রয়ের চুক্তির মেয়াদ চুক্তির তারিখ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ নিয়োগ ভবিষ্যতে প্রাণিসম্পদ অধিদপ্তরে সরকারি স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা দেবে না।

আয় বা সেবামূল্য যেভাবে নির্ধারিত হবে

এআই টেকনিশিয়ানরা অর্থ বিভাগের ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর তফসিল-‘খ’ অনুযায়ী সরকার নির্ধারিত সেবামূল্য (সম্মানী) পাবেন। মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন কাজ চালুর পর তাঁরা খামারি বা সুফলভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত এআই ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নিতে পারবেন না। খামারিদের কাছ থেকে আদায় করা সরকার নির্ধারিত প্রজনন ফি যথাসময়ে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরমে অথবা সাদা কাগজে স্বহস্তে লিখিত বা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) আবেদনপত্র হিসেবে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়

ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bd এবং www.aic.dls.gov.bd) পাওয়া যাবে।