ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে প্রভাষক-সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদনের সীমা ২৮ সেপ্টেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও মেডিক্যাল অফিসার নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের ৩৩টি প্রভাষক, একটি সহকারী অধ্যাপক ও চিকিৎসাকেন্দ্রের একটি মেডিক্যাল অফিসার পদসহ মোট ৩৫টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে ৩৫টি পদে নিয়োগের মধ্যে ৩৩ প্রভাষক, একটি সহকারী অধ্যাপক ও একটি মেডিক্যাল অফিসারের (সাইকিয়াট্রিক) পদ। প্রভাষকদের বেতন ২২, ০০০-৫৩, ০৬০ টাকা, সহকারী অধ্যাপকের ৩৫, ৫০০-৬৭, ০১০ টাকা। আবেদন ফরম বিশ্ববিদ্যালয় ও অগ্রণী ব্যাংক শাখায় পাওয়া যাবে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে তিনজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া লোকপ্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল

প্রভাষক পদে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে ২৩,০০০-৫৫,৪৬০ টাকা (গ্রেড-৮) নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ফরমে আবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন ইবির রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।

* লেখক: শিক্ষার্থী