স্নাতক পাসেই ৩০০ তরুণের চাকরি, মাসিক ভাতা ও উৎসব বোনাস দেবে ‘প্রশিকা’

দেশের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে বেসরকারি সংস্থা ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’। দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ৩০০ জনকে ‘শিক্ষানবিশ ক্রেডিট অফিসার’ পদে নিয়োগ দেবে সংস্থাটি। স্নাতক পাস করা কর্মঠ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন?

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে যাঁরা এখনো চূড়ান্ত ফলাফল পাননি (ফলপ্রত্যাশী), তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।

প্রার্থীদের অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।

নারী ও পুরুষ—উভয় প্রার্থীই এই পদের জন্য যোগ্য।

প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো জানতে হবে।

বাণিজ্য বিভাগের জন্য বাড়তি সুযোগ (ক্যাশ অফিসার)

আবেদনকারীদের মধ্যে যাঁরা বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ, তাঁদের জন্য রয়েছে ভিন্ন সুযোগ। যোগ্যতা অনুযায়ী তারা সরাসরি ‘ক্যাশ অফিসার’ হিসেবে নিয়োগ পেতে পারেন।

আকর্ষণীয় বেতন ও ভাতা

শিক্ষানবিশকালের বেতন: প্রতি মাসে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।

যাতায়াত ভাতা: প্রতি মাসে ২,৮০০/- (দুই হাজার আট শত) টাকা।

মোবাইল ভাতা: প্রতি মাসে ৬৫০/- (ছয় শত পঞ্চাশ) টাকা।

স্থায়ী হওয়ার পরের সুবিধাগুলো

চাকরি স্থায়ী হওয়ার পর প্রশিকার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসাভাতা দেওয়া হবে। এ ছাড়া প্রতিবছর প্রধান দুটি ধর্মীয় উৎসবে দুটি পূর্ণ উৎসব ভাতা এবং পয়লা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা (ধর্মীয় উৎসব ভাতার ৫০ শতাংশ) পাবেন কর্মীরা।

কর্মস্থল ও আবেদনপ্রক্রিয়া

নির্বাচিত কর্মীদের বাংলাদেশের যেকোনো অঞ্চলে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের শাখা অফিসে পদায়ন করা হতে পারে। আগ্রহী প্রার্থীদের আবেদনের নিয়মাবলি ও বিস্তারিত তথ্য জানতে প্রশিকার অফিশিয়াল বিজ্ঞপ্তি লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।