এইচএসসি পাস করেই এখন চাকরিতে ঢোকা যাচ্ছে। আর সুযোগগুলো শুধু আগের মতো নির্দিষ্ট পদ—অফিস সহকারী বা কম্পিউটার অপারেটরের মতো পদে সীমাবদ্ধ নেই; চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রকাশিত সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এক নতুন চিত্র পাওয়া গেছে। বিজ্ঞপ্তিগুলোতে সেলস, ডাটা এন্ট্রি, সাধারণ প্রশাসন, হিসাব রক্ষণাবেক্ষণ, ফিল্ড ওয়ার্ক, প্রজেক্ট সাপোর্ট এবং বিভিন্ন কারিগরি কাজের জন্য এইচএসসি পাস প্রার্থীদের বড় ধরনের সুযোগ রাখা হয়েছে।
বেসরকারি খাতে শীর্ষে রয়েছে সেলস ও বিপণনের চাকরি
সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, বেসরকারি খাতের বড় অংশজুড়েই রয়েছে পণ্য বিক্রয় ও বিপণনসংক্রান্ত চাকরি। সেপ্টেম্বরের অন্যতম বড় নিয়োগ এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি তাদের ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জন নতুন কর্মী নিয়োগ দেবে। ১৮ থেকে ৩২ বছর বয়সী নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই এতে আবেদন করতে পারবেন। নির্ধারিত বেতন থাকবে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা। আড়ংয়ের এই পদে আবেদনের শেষ দিন নির্ধারিত করা হয়েছে ২০ অক্টোবর।
ইলেকট্রনিকস খাতের প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক তাদের ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার’ পদে ১০ জন এবং ‘সেলস এক্সিকিউটিভ’ পদে ৫০ জনসহ একাধিক সার্কুলার প্রকাশ করেছে। বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে হলে এতে আবেদন করা যাচ্ছে। অন্যদিকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের ‘সেলস অফিসার’ পদে এইচএসসি পাস চাকরিপ্রার্থীদের আবেদনের বড় সুযোগ রেখেছে। আবেদনের শেষ দিন ২৪ সেপ্টেম্বর।
বিক্রয় খাতের বাইরে উন্নয়ন খাত এবং হসপিটালিটি সেক্টরেও কাজের পথ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা ব্র্যাক তাদের কক্সবাজার, টেকনাফ ও উখিয়া এলাকার প্রজেক্টের জন্য ‘প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট’ পদে এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের চাকরির সুযোগ রেখেছে। আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর। পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদের ‘ট্রান্সপো অ্যাসোসিয়েট’ পদের বিজ্ঞপ্তিতেও এই শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে।
সরকারি সংস্থায় বড় সুযোগ ও বৈচিত্র্য
বেসরকারি খাতের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও মন্ত্রণালয়েও আগস্ট ও সেপ্টেম্বর মাসে এইচএসসি পাস ব্যক্তিদের জন্য আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। আগস্টের শুরুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে ৫৮৭ জন নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস তরুণদের আবেদনের সুযোগ রাখা হয়েছিল।
সেপ্টেম্বর মাসে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তাদের অফিসে ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পদটির বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) প্রশাসন ও হিসাব শাখার দুটি আলাদা পদে মোট ২৭ জন নিয়োগের প্রক্রিয়া চালু রেখেছে। এর মধ্যে হিসাবসংক্রান্ত পদের জন্য প্রার্থীকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ হতে হবে।
একইভাবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা মোট ১৪২ জন নিয়োগের সার্কুলারে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, গোডাউন কিপার এবং অফিস সহকারী পদে এইচএসসি পাসের আবশ্যকতা রেখেছে। আর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চট্টগ্রাম বিভাগে ‘মাঠ সংগঠক’ পদে ৬৭ জনের পদ খালি রয়েছে, যার স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সম্ভাবনা
সাধারণ ধারার বাইরে এইচএসসি কারিগরি (ভোকেশনাল) সম্পন্ন করা তরুণদের জন্যও চাকরির বাজারে আলাদা চাহিদা তৈরি হচ্ছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার টেকনিশিয়ান পদগুলোর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ম্যানুফ্যাকচারিং ও ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর অটোমোবাইল, অ্যাসেম্বলিং ও আফটার-সেলস সার্ভিস সেন্টারে জুনিয়র টেকনিশিয়ান পদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মেকানিকস, ইলেকট্রনিকস বা সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি পাস করা প্রার্থীরা এসব পদে সরাসরি মূল্যায়ন পাচ্ছেন।
কপোরেট ও প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালুর কারণে চাকরির বাজারে একধরনের অস্থিরতা ও পরিবর্তন তৈরি হচ্ছে। অনেক প্রথাগত ও অফিসকেন্দ্রিক পদ ঝুঁকিতে পড়লেও পেশাবিশেষজ্ঞদের মতে, এইচএসসি পাস তরুণদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করছে মানুষের প্রত্যক্ষ উপস্থিতিভিত্তিক কাজগুলো। সেলস, গ্রাহকসেবা, মাঠপর্যায়ের ডেটা সংগ্রহ কিংবা কারিগরি সহায়তার মতো খাতগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি বিকল্প হতে পারে না। ফলে এআইয়ের যুগেও সরাসরি মানুষের সংস্পর্শে থেকে যেসব কাজ করতে হয়, সেসব ক্ষেত্রে এইচএসসি পাস প্রার্থীদের চাহিদা অব্যাহত থাকবে।