
চাকরিতে আট বছর পূর্ণ হলে অষ্টম গ্রেডে পাবেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকেরা। এ জন্য যোগ্য প্রভাষকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ১২ নভেম্বরের মধ্যে অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে দুই সেট আবেদন জমা দিতে হবে শিক্ষা ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকদের।
রোববার (৮ নভেম্বর) মাউশির এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬-এর উপ–অনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তাঁর চাকরিকাল সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। এই বিধান অনুযায়ী, নবম গ্রেডে প্রভাষক পদে আট বছর চাকরি পূর্ণ করে অষ্টম গ্রেড পাওয়ার যোগ্য হয়েছেন—এমন কর্মকর্তাদের নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলেছে মাউশি।
নির্ধারিত ছকে কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি, বিষয় ও কর্মস্থলের তথ্যের পাশাপাশি প্রভাষক পদে প্রথম যোগদানের তারিখ, আট বছর পূর্তির তারিখ এবং উচ্চতর গ্রেড পাওয়ার প্রাপ্যতার তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব আবেদন, অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের অগ্রায়ণপত্র, ক্যাডারে প্রথম যোগদানের আদেশ, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন, নিয়োগ ও পদায়নের আদেশ এবং নিয়মিতকরণের আদেশ জমা দিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা চলমান নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।