কারণ দর্শানো ছাড়াই তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘটনা তদন্তের নির্দেশ

প্রতিমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা সপ্তাহের পদক নেওয়ার বক্তব্যের জন্য যে তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল, তাঁদের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। অবশ্য তা পরে দেওয়া হয়। এমনকি এই বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে জানানো হয়নি। তাই এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ২১ মে প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশের পর সে অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গতকাল রোববার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিবের সই করা এক পত্রে অধিদপ্তরকে এই নির্দেশের কথা জানানো হয়েছে।

তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি এড়িয়ে যান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিদেশে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের পরিবর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের পদক নেওয়ার আগ্রহ প্রকাশ করে বক্তব্য দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে ১৮ মে সাময়িকভাবে বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা বিভাগ। এর মধ্যে দুজন শিক্ষক জাতীয় পদকপ্রাপ্ত। এভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের একজন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার। তিনি আজ সোমবার প্রথম আলোকে বলেন, সাময়িক বরখাস্তের আগে তাঁকে কোনো কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। কারণ, দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সাময়িক বরখাস্তের পরে গত বৃহস্পতিবার।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া অপর দুই শিক্ষক হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম (পদকপ্রাপ্ত) এবং জয়পুরহাটের ক্ষেতলালের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে ঢাকা, রাজবাড়ী ও জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছিল।

প্রাথমিক শিক্ষা বিভাগ বলেছিল, প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণে ‘অস্বীকৃতি’ জানিয়ে সাক্ষাৎকার ও অন্যদের সাক্ষাৎকার প্রদানে উৎসাহিত করায় শৃঙ্খলাভঙ্গ হয়, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ পরিপন্থী। এ জন্যই ওই তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

যদিও সাময়িক বরখাস্ত হওয়ার পর শিক্ষক খায়রুন নাহার প্রথম আলোকে বলেছিলেন, তিনি প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণে অস্বীকৃতি জানিয়ে কোনো বক্তব্য দেননি। বরং তাঁর কাছ থেকে পদক গ্রহণও করেছেন। তিনি শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণের আকাঙ্ক্ষা জানিয়ে অনুভূতি ব্যক্ত করেছিলেন। তিনি ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন বলে জানান।