শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস কোর্স, আসন ৪০

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই-ডিসেম্বর ২০২৬ সেমিস্টারের এমএস (সিড টেকনোলজি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ৭ জুন থেকে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ১৮ জুন ২০২৬ পর্যন্ত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব সিড টেকনোলজিতে এই এমএস কোর্সে মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনকারীকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফরমের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে সরাসরি অফিসে জমা দিতে হবে। এ ছাড়া প্রার্থীদের স্নাতক পর্যায়ের সিজিপিএর ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হবে। চাকরিরত ও বৃত্তিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা শিথিলযোগ্য থাকবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র ও বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তাপত্র জমা দিতে হবে। এ ধরনের শিক্ষার্থীদের এমএস প্রোগ্রামের জন্য ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাশ শাখায় ৪০ হাজার টাকা বেঞ্চ ফি জমা দিতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে না।

নির্বাচিত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের সময়সূচি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অব সিড টেকনোলজির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্যতাহীন, অসম্পূর্ণ অথবা মিথ্যা তথ্য প্রদানকারী প্রার্থীদের আবেদন সরাসরি বাতিল করা হবে এবং ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।