
বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক অনেক শিক্ষার্থী বা অভিভাবকেরা হয়তো ভাবছেন কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের জায়গা দখল করে নিচ্ছে, তখন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা উন্নয়ন অধ্যয়নের মতো মানব ও সমাজকেন্দ্রিক বিষয়গুলোর প্রাসঙ্গিকতা ফুরিয়ে আসছে কি না। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির অভূতপূর্ব প্রসারণ আমাদের জীবনযাত্রাকে আমূল বদলে দিচ্ছে। কিন্তু বাস্তব সত্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যত বেশি উন্নত হচ্ছে, মানবসমাজের জটিলতা, নৈতিক প্রশ্ন, নীতি প্রণয়ন এবং সামাজিক মনস্তত্ত্ব অনুধাবনের প্রয়োজনীয়তা ততই বহুগুণ বেড়ে চলেছে। এআই কখনো মানুষের আবেগ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ক্ষমতার রাজনীতি এবং সংস্কৃতির অন্তর্নিহিত বোধকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্বর্ণযুগে মানুষের মনন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কলাকৌশল আয়ত্ত করতে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মতো বিষয়গুলোর গুরুত্ব আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
এসব বিষয়ে পড়াশোনার অন্যতম বড় আকর্ষণ হলো গবেষণা ও কাজের বৈচিত্র্যময় সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ফলে সমাজে যে বৈষম্য, সাইবার অপরাধ, বিভ্রান্তিকর তথ্য বা মিসইনফরমেশন ছড়াচ্ছে, তার দীর্ঘমেয়াদি প্রভাব সমাজবিজ্ঞানের গবেষকেরা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করছেন। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মাধ্যমে ডিজিটাল যুগে গণতন্ত্রের ভবিষ্যৎ, ই-গর্ভন্যান্স, নীতি সংস্কার এবং জনকল্যাণমূলক প্রকল্পের সফলতা-ব্যর্থতা নিয়ে গবেষণা করার দুর্দান্ত সুযোগ রয়েছে। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মতো বিষয়গুলো মানবসমাজ, ক্ষমতাকাঠামোর রূপান্তর এবং টেকসই উন্নয়নের মূল সূত্র উন্মোচন করে। বর্তমান বিশ্ব ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে সমাজকে গভীরভাবে বুঝতে, মানুষের আচরণ ও সামাজিক বৈষম্য বিশ্লেষণ করতে এই বিষয়গুলোর বিকল্প নেই। সরকারি প্রশাসন, নীত নির্ধারণ, পরিকল্পনা কমিশন এবং বিসিএস ক্যাডার হিসেবে ক্যারিয়ার গড়তে এগুলো দারুণ সহায়ক। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় নীতিনির্ধারক বা গবেষক হিসেবে কাজ করার রয়েছে বিশাল সুযোগ। যাঁরা সমাজ পরিবর্তন ও মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে চান, তাঁদের জন্য এই বিষয়গুলো অত্যন্ত দূরদর্শী ও আকর্ষণীয় একাডেমিক পছন্দ।
সরকারি চাকরি এবং নীতিনির্ধারণী পর্যায়ে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মতো বিষয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার বিশেষ করে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডারে এসব বিষয় পড়ুয়া শিক্ষার্থীরা যুক্ত হন। একজন সরকারি কর্মকর্তাকে প্রতিনিয়ত মাঠপর্যায়ের সামাজিক সমস্যা সমাধান, আইন প্রণয়ন, জনসম্পৃক্ত নীতি বাস্তবায়ন এবং সংকট মোকাবিলা করতে হয়, যা এই বিষয়গুলোর পাঠ্যক্রমে সরাসরি শেখানো হয়। এ ছাড়া পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিভিন্ন সরকারি গবেষণাপ্রতিষ্ঠানে নীতিনির্ধারক ও গবেষক হিসেবে এই গ্র্যাজুয়েটদের চাহিদা সব সময় শীর্ষে থাকে। করপোরেট জগৎ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বহুজাতিক প্রতিষ্ঠানেও এসব বিষয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। পাশাপাশি জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আন্তর্জাতিক এনজিওগুলোতে প্রজেক্ট ডিরেক্টর, পলিসি অ্যানালিস্ট ও জেন্ডার স্পেশালিস্ট হিসেবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মানবজটিলতা, নীতি প্রণয়ন ও সামাজিক মনস্তত্ত্ব অনুধাবনে সহায়ক।
সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মতো বিষয়ে বিশ্বজুড়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে অনেক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই ক্ষেত্রগুলোতে পড়াশোনার জন্য প্রতিবছর শিক্ষার্থীরা ফুল-ফান্ডেড স্কলারশিপ ও ফেলোশিপ পেয়ে থাকেন। ফুলব্রাইট, কমনওয়েলথ এবং ইরাসমাস মুন্ডুসসহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন। গবেষণার ক্ষেত্রে এই বিষয়গুলোর পরিধি অত্যন্ত বৈচিত্র্যময় ও যুগোপযোগী। বর্তমান ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার সামাজিক প্রভাব, ডিজিটাল গণতন্ত্র, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য, নগর উন্নয়ন এবং জনস্বাস্থ্য নীতি নিয়ে বিশ্বমানের গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান, থিঙ্কট্যাংক এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ গবেষকদের জন্য প্রচুর অনুদান ও পোস্টডক্টরাল ফেলোশিপ রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা শেষে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় পলিসি অ্যানালিস্ট, কনসালট্যান্ট ও গবেষক হিসেবে কাজ করার বিশাল ক্ষেত্র উন্মুক্ত রয়েছে।
অনেকে মনে করেন ভবিষ্যৎ শুধুই প্রযুক্তির হাতে। কিন্তু বাস্তবতা হলো ভবিষ্যৎ প্রযুক্তি ও মানুষের যৌথ নির্মাণ। এআই আমাদের কাজের ধরন বদলাতে পারে, কিন্তু সমাজকে বোঝা, নীতি তৈরি করা, উন্নয়নের পথ নির্ধারণ করা কিংবা মানবিক মূল্যবোধ রক্ষা করার দায়িত্ব এখনো মানুষেরই। তাই যারা সমাজকে বুঝতে চায়, নীতি প্রণয়নে ভূমিকা রাখতে চায়, উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে গবেষক ও পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য এই বিষয়গুলো এখনো অত্যন্ত সম্ভাবনাময় এবং সময়োপযোগী।
*লেখক: মো. রহমাতুল্লাহ, পিএইচডি গবেষক, সমাজবিজ্ঞান বিভাগ, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, ভারত