ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটে কোটায় ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকারের সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২২-২৩ কোটায় ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৩ জুলাই (আগামী বৃহস্পতিবার) কোটায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলোর ভর্তি–ইচ্ছুক সব কোটার শিক্ষার্থীদের (যাঁরা ডিন অফিসে কোটায় আবেদন করেছেন) সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হচ্ছে।

১৩ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি কোটায় ব্যবসায় শিক্ষা শাখায় মেধাক্রম ১ থেকে ৩ হাজার ৩১৭, মানবিকে ১ থেকে ৬৩২ এবং বিজ্ঞান ১ থেকে ৫৭৭ পর্যন্ত ডাকা হয়েছে।

অন্যদিকে একই দিনে দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজাতি, ক্ষুদ্র নৃ–গোষ্ঠী, দলিত হরিজন, ওয়ার্ড, প্রতিবন্ধী (দৃষ্টি-বাক্‌-শ্রবণ-শারীরিক-নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস) কোটাতে ব্যবসায় শিক্ষা শাখায় মেধাক্রম ১ থেকে ৩ হাজার ৩১৭, মানবিকে ১ থেকে ৬৩২ এবং বিজ্ঞান ১ থেকে ৫৭৭ পর্যন্ত ডাকা হয়েছে।