ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা

চুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি ২০২৭, পরীক্ষা ক এবং খ গ্রুপে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। একাডেমিক কাউন্সিলে আলোচনার পর ভর্তি পরীক্ষার আবেদন, যোগ্যতা, শর্ত, সময়সূচি ও মানবণ্টনসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও স্থাপত্য অনুষদের এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর পাশাপাশি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ক গ্রুপ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত হবে খ গ্রুপ।

গতবারের ভর্তি পরীক্ষায় দুই গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছিল। ক গ্রুপে এই পরীক্ষার মোট নম্বর ছিল ৫০০। খ গ্রুপের পরীক্ষার্থীদেরও একই বিষয়ে ৫০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হয়েছিল। এর সঙ্গে স্থাপত্য বিভাগের প্রার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা ছিল। ফলে খ গ্রুপের স্থাপত্যে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মোট পরীক্ষার নম্বর দাঁড়িয়েছিল ৭০০।

তবে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্যতা, বিষয়ভিত্তিক মানবণ্টন ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আসবে কি না, তা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।