গুচ্ছে থাকছে দ্বিতীয়বার আবেদনের সুযোগ, বিজ্ঞপ্তি আজ রাতে

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ সোমবার রাতে। ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে করা যাবে ভর্তি আবেদন। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ সোমবার রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বিজ্ঞান বিভাগ ও ৩ জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এদিকে আজ সকালে যেসব বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল, তাদের গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য উপাচার্যদের চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।