
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নিয়ে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হলো। তিন বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ক্যাম্পাসে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে হলো এই পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে ৮ হাজার ৩২৬ জন করে মোট পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে তিন কেন্দ্র মিলিয়ে মোট উপস্থিত ছিলেন ২০ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৩ দশমিক ২২ শতাংশ।
তিন প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি ও রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। চুয়েট কেন্দ্রে ৬ হাজার ৭৫৯, রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৮১ এবং কুয়েট কেন্দ্রে ৬ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে তিন কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থী। চুয়েটে আসন ৯৩১টি, রুয়েটে ১ হাজার ২৩৫টি, কুয়েটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। ভর্তি পরীক্ষায় গ্রুপ ‘ক’(ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা)–তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। এটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এটি সকাল ১০টায় শুরু হয়ে চলে বেলা পৌনে ২টা পর্যন্ত। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে।