জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটে আলাদা ভর্তি পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ৬৫তম একাডেমিক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে বিভিন্ন পরীক্ষা কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিতে উপাচার্য আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্যসচিব করে কোষাধ্যক্ষ ও ছয় অনুষদের ডিনকে সদস্য করা হয়েছে। এ ছাড়া তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় জন্য কমিটি করা হয়েছে। বিজ্ঞান ‘এ’ ইউনিটের জন্য লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন আহ্বায়ক, কলা ও সামাজিক বিজ্ঞানের ‘বি’ ইউনিটের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক এবং বাণিজ্যে ‘সি’ ইউনিটের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিনকে আহ্বায়ক করা হয়েছে।

সভা শেষে একাডেমিক কমিটির সদস্য ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আইনুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘নিজস্ব ব্যবস্থাপনায় স্বকীয়তা ফিরে আসার পাশাপাশি মানসম্পন্ন ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। সব বিশ্ববিদ্যালয় একসঙ্গে পরীক্ষা নিলে আমরাও যুক্ত হব।’