কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি আবেদনকারী ২৫ শিক্ষার্থী

কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এই হিসাবে প্রতিটি আসনে গড়ে লড়বেন ২৫ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। আজ সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের অধ্যাপক মো. রাকিব হাসান এ তথ্য জানান।

আগামী ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা।

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

গত বছর কৃষিগুচ্ছভুক্ত ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট আসন ছিল ৩ হাজার ৭১৮, বিপরীতে আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী।