কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন সিএসই প্রোগ্রাম, ভর্তির আবেদন শুরু

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গ্লোবাল জব মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে এবং ক্যারিয়ারের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে কম্পিউটার সায়েন্স ও আইটি শিক্ষার কোনো বিকল্প নেই। এই বিষয়টিকে মাথায় রেখেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে থাকা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসব) বিভাগ এক দারুণ সুযোগ নিয়ে এসেছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন সেশনের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ২২তম ব্যাচে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। চাকরিজীবী ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করে এই কোর্সের ক্লাসগুলো প্রতি শুক্রবার আইইউ ক্যাম্পাসের সিএসই বিভাগে অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এর নমনীয় সময়সীমা ও ব্যাকগ্রাউন্ড–ভিত্তিক তিন স্তরের শিক্ষাক্রম। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য যেকোনো বিভাগের শিক্ষার্থীরাও তাঁদের মেধা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে ভর্তির সুযোগ পাবেন। গ্রুপ-এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট আইটি বিষয়ে চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা। এই গ্রুপের কোর্সের মেয়াদ মাত্র এক বছর বা দুই সেমিস্টার। গ্রুপ-বি ক্যাটাগরিতে যেকোনো বিষয়ে চার বছরমেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এই কোর্সের মেয়াদ ১ বছর ৬ মাস বা তিন সেমিস্টার। এ ছাড়া গ্রুপ-সি ক্যাটাগরিতে যেকোনো বিষয়ে তিন বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য হবেন, যার মেয়াদ হবে দুই বছর বা চার সেমিস্টার। এই বৈচিত্র্যময় কোর্স কারিকুলামের কারণে নন-সিএসই ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাও নিজেদের আইটি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রফেশনাল কোর্সের সেমিস্টার ফি ও টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে কিস্তিসুবিধা রয়েছে। প্রতিটি গ্রুপের জন্যই ১ম সেমিস্টার ফি ৪০ হাজার টাকা এবং ২য় সেমিস্টার ফি ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের জন্য যা করতে হবে

আগ্রহী প্রার্থীরা দুইভাবে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। সরাসরি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নগদ ১ হাজার টাকার বিনিময়ে আবেদনপত্র নেওয়া যাবে অথবা অনলাইনের মাধ্যমেও আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনের সময় নির্ধারিত ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে মনে রাখা জরুরি, আগামী ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ৪র্থ তলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সব মূল সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৪ জুলাই ২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।

সেমিস্টার ফি ও টিউশন ফি

শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রফেশনাল কোর্সের সেমিস্টার ফি ও টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে কিস্তিসুবিধা রয়েছে। প্রতিটি গ্রুপের জন্যই ১ম সেমিস্টার ফি ৪০ হাজার টাকা এবং ২য় সেমিস্টার ফি ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তিন সেমিস্টারের গ্রুপ-বি এবং চার সেমিস্টারের গ্রুপ-সির ক্ষেত্রে ৩য় ও ৪র্থ সেমিস্টার ফি প্রতিটির জন্য ৩০ হাজার টাকা করে দিতে হবে।

যোগাযোগ

ভর্তি–সংক্রান্ত যেকোনো জরুরি তথ্যের জন্য প্রার্থীরা সরাসরি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪র্থ তলা), ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন বা মোবাইল নম্বর ০১৭১৭০০৭৮৬৫, ০১৭১২৫০১৯৬১ নম্বরে যোগাযোগ করতে পারেন।