শিক্ষার্থী ইমতিয়াজ রাফসান

আইইউটিতে ভর্তি পরীক্ষা: অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়ে উপকার পেয়েছি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতেই। প্রায় দুই সপ্তাহ আছে—এ সময়ে কঠিন প্রস্তুতি চলছে নিশ্চয়ই।

আইইউটি ভর্তি পরীক্ষা গতানুগতিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি থেকে একটু আলাদা। আইইউটি একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওআইসি দ্বারা পরিচালিত। বিশ্বের ওআইসি অধিভুক্ত দেশের শিক্ষার্থী পড়াশোনা করতে আসেন এখানে। আইইউটির প্রস্তুতি আমি শুরু করি বুয়েট ভর্তি পরীক্ষার পর থেকে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, তাই গতানুগতিক বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটি হিসেবে বুয়েট ছিল প্রথম স্বপ্ন। কিন্তু সবার জীবনেই একটি ব্যাকআপ প্ল্যানের দরকার থাকে। আইইউটি বাসার পাশে হওয়ায় আমার ইচ্ছা ছিল যে এইখানেই পড়ব। বুয়েট প্রিলিমিনারিতে নির্বাচিত হওয়ার পাশাপাশি অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেরিটে এল। ভাবলাম, বুয়েট তো হয়েই যাবে; কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, বুয়েট হলো না। আমি বসে না থেকে আইইউটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম একটি কোচিংয়ে।

ইমতিয়াজ রাফসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন

কোচিংয়ে কোশ্চেন বুক ভালোভাবে শেষ করলাম। কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। কিন্তু সবচেয়ে বড় বিষয়, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ইংলিশের প্রশ্নগুলো। যেহেতু আমি বাংলা ভার্সনের শিক্ষার্থী, আমার জন্য ইংলিশ টার্মগুলো আয়ত্ত করা ছিল কঠিন একটি কাজ। ভালোমতো ইংলিশ টার্মগুলো বুঝতে বেগ পেতে হলেও কনসেপ্ট ক্লিয়ার থাকায় এত প্রবলেম হয়নি। পদার্থ এবং রসায়নের জন্য কনসেপ্ট বুকের কনসেপ্টই মোটামুটি যথেষ্ট ছিল, সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বুকের প্রবলেমগুলো বারবার রিভাইজ করেছি। যেহেতু টাইম ম্যানেজমেন্ট একটি ইস্যু, তাই বেশি বেশি পরীক্ষা দেওয়া উচিত এ সময়ে। এ জন্য কোচিংয়ের পরীক্ষাগুলো এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন পরীক্ষাগুলো দিয়ে আমি উপকার পেয়েছি। আইইউটির জন্য দরকার একটি গোছানো প্রস্তুতি এবং ধৈর্য ও দৃঢ় মনোবল।

ভর্তির সিলেবাস, প্রশ্নপত্র ও নম্বর বণ্টন—

ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুই ঘণ্টা সকাল ১০টা থেকে দুপুর ১২টা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো গণিত ৩৫, পদার্থবিজ্ঞান ৩৫, রসায়ন ১৫ ও ইংরেজি ১৫। পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে।

ভর্তি পরীক্ষার জন্য বাছাইয়ের নিয়ম—

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হবে না।

*লেখক: ইমতিয়াজ রাফসান, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি