জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদনের ফি আজ সশরীরে দেওয়া যাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদনের ফি আজ বৃহস্পতিবারও (২ জানুয়ারি) দেওয়া যাবে। যারা এখনও ফি দিতে পারেননি, তাদের জন্য এ সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গত সোমবার (৩০ ডিসেম্বর)। এবার ভর্তি পরীক্ষার পরে বিষয় পছন্দক্রম দিতে হবে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে যারা নির্ধারিত সময়ের (৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট) মধ্যে চূড়ান্ত আবেদনের আবেদন ফি জমা দিতে পারেননি, তারা ২ জানুয়ারির (বৃহস্পতিবার) মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বশরীরে আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত আবেদনের ফি জমা দিতে পারবেন।

২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৪০ হাজার ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (চতুর্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।

Final Submit Button-এ Click করার পর পূরণ করা ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে। তারপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষককে প্রদর্শন করতে হবে।

চার বছর পর গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে। এবার দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

ভর্তি পরীক্ষা কবে—

  • ই ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে বিজনেস স্টাডিজ অনুষদের মধ্য দিয়ে।

  • ৩১ জানুয়ারি ‘ই’ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষা

  • ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ পরীক্ষা

  • ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ পরীক্ষা

  • ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ পরীক্ষা

  • ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে মিলবে।