আয়োজক ও অতিথিদের সঙ্গে ‘অ্যাডউইজ ২.০’ প্রতিযোগিতার বিজয়ীরা
আয়োজক ও অতিথিদের সঙ্গে ‘অ্যাডউইজ ২.০’ প্রতিযোগিতার বিজয়ীরা

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘অ্যাডউইজ ২.০’-এর ফাইনাল অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) ‘অ্যাডউইজ ২.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দুটি দল চ্যাম্পিয়ন ও প্রথম রানার্সআপ হয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল।

চ্যাম্পিয়ন দল ‘উন্নয়ন’ পুরস্কার হিসেবে পেয়েছে দুই লাখ টাকা। প্রথম রানার্সআপ ‘ফার্স্ট টাইমার’ দল এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘অ্যাডভার্স’ পেয়েছে ৫০ হাজার টাকা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষের শেখাকে বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত করতে পারে এবং তার সমাধান নিয়ে কাজ করার সুযোগ পায়, তখন তাদের শেখার অভিজ্ঞতা আরও অর্থবহ হয়ে ওঠে।’

গ্র্যান্ড ফাইনালের বিচারক প্যানেলে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরানুল কবির, এসিআইয়ের ফিল্ড মার্কেটিং অপারেশন্সের ডিরেক্টর মাহমুদুর রহমান ভূঁইয়া, রেকিটের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

‘অ্যাডউইজ ২.০’ জাতীয় পর্যায়ের একটি বিজ্ঞাপন প্রতিযোগিতা। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজ বি) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭৫০টির বেশি দল অংশ নেয়।

প্রতিযোগিতাটি কয়েক ধাপে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোকে একটি নির্ধারিত ব্র্যান্ড ঘিরে বিজ্ঞাপনের ধারণা ও প্রচারণার পরিকল্পনা তৈরি করতে হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞাপন ও বিপণন খাতের বাস্তব কাজ সম্পর্কে হাতে–কলমে ধারণা লাভ করে। চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীদের সামনে তাদের পরিকল্পনা উপস্থাপন করে। দলগুলোকে গবেষণা, সৃজনশীলতা, সমস্যা বিশ্লেষণ এবং সমাধান দেওয়ার সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।