ইউএসটিসির ৫ম সমাবর্তন অনুষ্ঠিত

গতকাল বুধবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউএসটিসির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) পঞ্চম সমাবর্তন। গতকাল বুধবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এখন গতানুগতিক গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে বর্তমান প্রেক্ষাপটে পড়াশোনা শেষ, এটা ভাবলে হবে না। আপনাদের লাইফলং লার্নিং মেন্টালিটি রাখতে হবে। কর্মমুখী শিক্ষা নিতে হবে, প্রযুক্তি ব্যবহার শিখতে হবে এবং ভাষাগত কমিউনিকেশন দক্ষতা অর্জন করতে হবে, তবেই আপনি নিজের জীবনে সফল হতে পারবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন।’

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘আমি এমন অনেক সফল চাকরিজীবী এবং বড় উদ্যোগ থেকে দেখেছি, যাঁরা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেননি। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রযুক্তি নিয়ে জ্ঞান অর্জন করার ফলে তাঁরা তাঁদের কর্মক্ষেত্রে সফল হয়ে উঠেছেন। তাই আজকে আপনাদের উদ্দেশে আমার একটি উপদেশ, আপনারা প্রযুক্তিবিষয়ক দক্ষতা অর্জন করুন। তবেই আপনারা ফিউচার জব মার্কেটের জন্য সব সময় প্রস্তুত থাকতে পারবেন।’

সমাবর্তনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রেসিডেন্ট অধ্যাপক দাতো মাজলিহাম মো. সুউদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেইন এবং অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।