চুয়েটে প্রাতিষ্ঠানিক ই-মেইলে কমল জায়গা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাতিষ্ঠানিক ই-মেইল এবং গুগল ড্রাইভ ব্যবহারের সীমা ২৫ জিবির মধ্যে সীমিত রাখতে শিক্ষার্থীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৩ মে) সকালে ই-মেইলে এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বিষয়টি জানানো হয়। চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সিস্টেম অ্যানালিস্ট মো. তৌহিদুর রহমান এ বার্তা পাঠিয়েছেন।

শিক্ষার্থীদের কাছে পাঠানো বার্তায় বলা হয়, জায়গার সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ই-মেইল ও ড্রাইভে সর্বোচ্চ ২৫ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ৩০ মের মধ্যে ২৫ জিবির বেশি জায়গা ব্যবহার করে থাকলে সব ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

বার্তাটি পাওয়ার পরই দুশ্চিন্তায় পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হামীম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ড্রাইভের প্রধান কাজই হলো অনলাইন ক্লাস রেকর্ডিং, নোট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করা। সেখানে হঠাৎ করে ড্রাইভের স্পেস মাত্র ২৫ জিবিতে সীমিত করে দেওয়া অবান্তর। সেখানে আবার এত কম সময়ে স্পেস খালি করতে নির্দেশ দেওয়া হলো। সবাইকে ১০০-১৫০ জিবি ড্রাইভ স্পেস দেওয়া উচিত।

২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মাহমুদুর রহমান সিফাত বলেন, ‘চুয়েটের প্রাতিষ্ঠানিক মেইল পাওয়ার পর আমরা অনেকেই নিজেদের অনেক ডকুমেন্ট এটার সঙ্গে যুক্ত করে নিয়েছি। এ অবস্থায় হঠাৎ করে এমন সিদ্ধান্ত এসে খুবই সমস্যা তৈরি করল। আর যেখানে সাধারণ জিমেইল অ্যাকাউন্টেই ফ্রি ১৫ জিবি জায়গা দেওয়া হয়, সেখানে এই প্রাতিষ্ঠানিক মেইল মাত্র ২৫ জিবি স্টোরেজ দিলে তো সে রকম কোনো পার্থক্য থাকে না। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কম হলেও ১৫০ জিবি স্টোরেজ দেওয়া উচিত।’

হঠাৎ এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ তৌহিদুর রহমান প্রথম আলোকে জানান, গুগল থেকে প্রাতিষ্ঠানিক ই-মেইল হিসেবে ১১৯ টেরাবাইট স্পেস ফ্রি দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের অতিরিক্ত ড্রাইভ ব্যবহারের কারণে সেখানে ২০৮ টেরাবাইটের মতো ব্যবহার হয়ে গেছে। গুগল থেকে সেটির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১১৯ টেরাবাইটের বেশি জায়গা ব্যবহার করতে হলে গুগল থেকে তা কিনতে হবে।

শিক্ষার্থীদের জন্য অর্থ ব্যয় সাপেক্ষে ড্রাইভ স্পেস সুবিধা বাড়ানো যায় কি না, সে ব্যাপারে আইআইসিটির পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘একজন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য ২৫ জিবি যথেষ্ট জায়গা বলে আমার মনে হয়। আপাতত অর্থ ব্যয় করে ড্রাইভ স্পেস কেনার সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে প্রয়োজন হলে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’