
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে ‘রিশেপিং দ্য ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ: দ্য রোল অব ফিনটেক অ্যান্ড এআই’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে দেশের ব্যাংকিং খাতকে আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ফিনটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। তিনি বলেন, বিশ্বব্যাপী ব্যাংকিং খাত দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে এবং ফিনটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর্থিক সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তুলছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ফিনটেক ও এআইভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন অপরিহার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক বেহজাদ নুর, সিএসই-এর বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফয়সাল ইমরান, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, ডেপুটি জিএম কামরুজ্জামান খান ও শান্তিনগর শাখার এজিএম ও হেড অব ব্রাঞ্চ উজ্জ্বল কুমার শাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করে তোলা সম্ভব।