জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The হিট প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী তোমরা খুবই সৌভাগ্যবান। তোমরা অত্যন্ত আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত, ডিজিটাল ও স্মার্ট শ্রেণিকক্ষ পেয়েছ। তোমরা প্রথম শ্রেণির কর্মকর্তার মতো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে ক্লাস করার সুযোগ পেয়েছ। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির অনেক কর্মকর্তাই এখনো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ পায়নি। তবে যে আধুনিক শ্রেণিকক্ষ তোমরা পেলে তা রক্ষা করার দায়িত্ব তোমাদের। শ্রেণিকক্ষগুলোকে স্বল্প সময়ের জন্য না ভেবে, দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের উপযোগী হিসেবে চিন্তা করতে হবে।’
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রশ্ন করা জানতে হবে এবং শিক্ষকদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে পুরোপুরি জ্ঞানার্জন সম্ভব নয়। না জানা বা বুঝতে না পারা দোষের কিছু নয়। বরং না বুঝতে পারলে তা স্বীকার করে প্রশ্ন করে জেনে নেওয়াই নৈতিকতা। আর পড়াশোনা শেষ করে সবাই সরকারি চাকরি পাবে এমন নয়। বেসরকারি অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তোমাদের কাজ করতে গিয়ে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই দিক বিবেচনায় নিয়ে তোমাদের সিলেবাস নিয়মিত আপডেট করা হচ্ছে। তোমরা যেন দক্ষ জনশক্তি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।’
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের স্টাফ অফিসার গ্রেড-১ লেফটেন্যান্ট কর্নেল আকন মো. মেহেদি ডাইয়ান এবং হিট-এর সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজু আহমেদ।
হিট প্রজেক্টের মাধ্যমে হিসাববিজ্ঞান ও তথ্য বিভাগের সব (৫টি) শ্রেণিকক্ষ আধুনিক, শীতাতপনিয়ন্ত্রিত, ডিজিটাল বোর্ড, ইন্টারনেট সুবিধা, পর্যাপ্ত সুবিধা–সংবলিত কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন।