রাজধানীর শেরাটন হোটেলে এআইইউবির উদ্যোগে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদসহ অন্য অতিথিরা। ১৭ আগস্ট ২০২৬
রাজধানীর শেরাটন হোটেলে এআইইউবির উদ্যোগে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদসহ অন্য অতিথিরা। ১৭ আগস্ট ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই পিএইচডি চালুর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে না—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমাদের ক্রস-বর্ডার শিক্ষা ও প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার।’ এ সময় তিনি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো অনেক পিছিয়ে। এ অবস্থার উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আরও বেশি বিদেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করা সম্ভব হবে। তিনি পারস্পরিক পার্থক্য ভুলে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংস্থা কিউএস (কোয়াকুয়ারেলি সাইমন্ডস) আয়োজিত এ ফোরামে সহযোগিতা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। ফোরামটির প্রতিপাদ্য ছিল—‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’।

অনুষ্ঠানে কিউএসের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট (স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট) অশ্বিন ফার্নান্দেজ, চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান এবং আঞ্চলিক অংশীদারত্ববিষয়ক (রিজিওনাল পার্টনারশিপ) পরিচালক রামি আওয়াদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও এপিইউবির সাধারণ সম্পাদক ইশতিয়াক আবেদীন। আরও বক্তব্য দেন এপিইউবির সভাপতি মো. সবুর খান। ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।

উদ্বোধনী পর্ব শেষে ‘কিউএস র‍্যাঙ্কিংস মেথোডলজি’ এবং ‘কিউএস র‍্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ বিষয়ে দুটি আলাদা সেশন অনুষ্ঠিত হয়। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশ’স ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ এবং ‘একসিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় এবং উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল রূপান্তরের বিষয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ বক্তব্য দেন এআইইউবির সাবেক উপাচার্য, একাডেমিক উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জিটা লামাগনা। ফোরামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, ট্রাস্টি বোর্ডের সদস্য, ইউজিসি সদস্য, নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।